উৎসাহ-উদ্দীপনায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
উৎসাহ-উদ্দীপনা আর দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। তাদের এবারের দাবি যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা।সোমবার রাত ১২টা এক মিনিট থেকে শুরু হয় দিবসটি উদ্যাপন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সংগঠনের কেন্দ্রীয় নেতারা ৬৩ কেজি ওজনের একটি কেক কাটেন। সকাল আটটায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতা-কর্মীরা।দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, গুটিকয় নেতা-কর্মীর অপকর্মের কারণে ছাত্রলীগের গৌরব ভূলুণ্ঠিত হতে পারে না। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদা জিয়া বর্তমান সরকারের সব কর্মকাণ্ড অবৈধ বলার পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে বই তুলে দেওয়াও কি অবৈধ? সর্বজন গ্রাহ্য শিক্ষানীতিও কি অবৈধ?সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সংগঠনের সাবেক সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী ও আহম্মদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু প্রমুখ।সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অপরাজেয় বাংলা থেকে শাহবাগ-পল্টন হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ছাত্রলীগ ঢাবি, ঢাকা মহানগর, ঢাকা জেলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখাসহ অন্যান্য শাখার নেতা-কর্মীরা অংশ নেন।বিক্ষিপ্ত ঘটনা: গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের সমাবেশে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে সংগঠনের ধানমন্ডি থানা শাখার এক নেতা ঢাকা কলেজ শাখার কর্মীকে মারধর করেন। এর প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা শোভাযাত্রা বর্জন করে। এদিকে বাংলাদেশ ছাত্রলীগ (ত-সা) আলাদাভাবে ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। সকালে ডাকসুর সামনে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হোসাইন আহমেদ তফছির। এরপর মধুর ক্যানটিন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।