উৎসাহ, উদ্দীপনায় শেষ হলো গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে ২২টি আঞ্চলিক গণিত উৎসবের ৮৭৬ জন বিজয়ী অংশ নেয়। স্কুলের মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শিশুরা। ছবি: সাজিদ হোসেন।
দ্বাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে ২২টি আঞ্চলিক গণিত উৎসবের ৮৭৬ জন বিজয়ী অংশ নেয়। স্কুলের মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শিশুরা। ছবি: সাজিদ হোসেন।

সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনা। হলুদ গেঞ্জিতে হলুদ পাখি সেজেছে ছোট্ট শিশুরা। তাদের কল-কাকলি ধ্বনি, অনুষ্ঠানের ফাঁকে চিৎকার, হাততালি। এক অন্য রকমের উৎসবের আমেজ। যারা পুরস্কার পেল তাদের মুখে বিজয়ের হাসি।
আজ শনিবার রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে জাতীয় গণিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে ছিল এমনই পরিবেশ। সকাল সাড়ে নয়টার দিকে শুরু হয় সমাপনী অনুষ্ঠান। গণিতের পট, ভাষা ও দেশের গান, রুবিকস কিউব প্রতিযোগিতা, অতিথিদের ভাষণ ও পুরস্কার বিতরণ পর্বের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

খুদে গণিতবিদদের উৎসাহ জোগাতে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বিশিষ্ট গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান, অধ্যাপক লুৎফুজ্জামান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, গণিত দলের কোচ মাহবুব মজুমদার, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ডেপুটি ডাইরেক্টর সাইদুজ্জামানসহ বিশিষ্টজনেরা।

সমাপনী বক্তব্যে শিশুদের উদ্দেশে জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘বিশ্বের অন্য দেশগুলো বলে বাংলাদেশের আরও এগিয়ে যাওয়া সম্ভব ছিল। আমরা পারলাম না। তোমাদের বয়স হলো চিন্তা করার বয়স। তোমরা সেই চিন্তার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেবে।’ তিনি বলেন, ‘ধারাবাহিকভাবে গণিত উৎসবের আয়োজনের ফলে এখন গণিত ভীতি কমে গেছে। আমাদের উৎসব এখন সারা দেশে ছড়িয়ে গেছে।’

প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘অন্য দেশগুলো আন্তর্জাতিক অলিম্পিয়াডে বিচ্ছিন্নভাবে অংশ নেয়। কিন্তু বাংলাদেশ এককভাবে অংশ নেয়। গণিতের বাছাই-প্রক্রিয়া এখন একটা উৎসবে পরিণত হয়েছে।’
ডাচ্-বাংলা ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর সাইদুজ্জামান বলেন, ‘একটা অনুষ্ঠান পৃষ্ঠপোষকতা করলেই সার্থকতা পাওয়া যায় না। এ জন্য দরকার যথাযথ ব্যবস্থাপনা। প্রথম আলোর যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমেই জাতীয় গণিত অলিম্পিয়াডের মতো অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে।’

অনুষ্ঠানের শুরুতে উপস্থাপক শিক্ষার্থীদের কাছে জানতে চান, তারা প্রধানমন্ত্রী হলে কী করবে। জবাবে এক শিক্ষার্থী জানায়, প্রধানমন্ত্রী হলে সে সব জায়গায় গাছ লাগাবে। আরেকজন বলে, সে পরিবেশদূষণ রোধ করবে। অন্য এক শিক্ষার্থী বলে, বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশে হিসেবে গড়ে তুলবে। প্রতিটি জেলায় বইমেলা আয়োজনের স্বপ্নের কথা জানায় আরেক শিক্ষার্থী। একজনের অভিমত, প্রধানমন্ত্রী একা কোনো কাজ করতে পারেন না। তাই প্রধানমন্ত্রী হলে সবাইকে নিয়ে কাজ করে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করবে।

|গণিত উৎসবে নিরলসভাবে কাজ করার জন্য আজীবন সম্মাননা জানানো হয় বিশিষ্ট গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান ও অধ্যাপক লুৎফুজ্জামানকে। প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি লেভেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সর্বাধিক নম্বর পেয়ে এ বছর চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ শফিউল্লাহ।

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড হবে দক্ষিণ আফ্রিকায়। চলবে আগামী ৩ থেকে ১২ জুলাই পর্যন্ত। অলিম্পিয়াডে অংশ নিতে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় দেশজুড়ে ২২টি অঞ্চলে গণিত উৎসবের আয়োজন করে। প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—এই চারটি বিভাগে ২৩ হাজারের বেশি শিক্ষার্থী এতে অংশ নেয়। তাদের মধ্যে বিজয়ী এক হাজার ৫৫ জনকে নিয়ে গতকাল থেকে ঢাকায় শুরু হয় দুই দিনের জাতীয় উৎসব। আজ ভাঙল এর মিলনমেলা। দেশে গণিতের এই উৎসব শুরু হয়েছিল ২০০৩ সালে।