উৎসাহ-উদ্দীপনায় সরস্বতী পূজা উদ্যাপিত
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের সনাতন ধর্মাবলম্বীরা গতকাল মঙ্গলবার শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যাদেবী সরস্বতীর পূজা করেছেন। ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও সনাতন ভক্তরা ঘরে ঘরে দেবী সরস্বতীর পূজা করেন। সনাতন ভক্তরা বিশ্বাস করেন, দেবী সরস্বতীর আরাধনায় বিদ্যা লাভ হয়।গত সোমবার রাত সাড়ে নয়টায় মণ্ডপে প্রতিমা স্থাপন করেন ভক্তরা। দেবীর আরাধনায় গতকাল সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ছিল মায়ের পূজা দিতে বিদ্যার্থীদের ভিড়।সকালে পূজারি ভক্তরা উপবাস পালন করে পলাশ ফুল, বেলপাতা, দূর্বাসহ দেবী সরস্বতীর পায়ে পুষ্পাঞ্জলি দেন। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজারি ভক্তদের ভিড়ের কারণে নির্ধারিত সময়ের পর দুপুরেও অঞ্জলি দিতে দেখা গেছে। অঞ্জলি প্রদান শেষে দিনভর প্রসাদ বিতরণ করা হয় ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে। এ ছাড়া অনেক বাবা-মা তাঁদের শিশুদের বিদ্যারম্ভের জন্য সকালেই মণ্ডপে গিয়ে অঞ্জলি দিয়ে হাতেখড়ি দিয়েছেন। গতকাল সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জগন্নাথ হলে দেশি-বিদেশি দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। ভারত থেকে আসা দেবযানী আচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী অবন্তী, নেপালের শৃজানা আচার্য প্রথম আলোকে বলেন, ভারত ও নেপালেও সরস্বতী পূজা হয়। তবে ঢাকার জগন্নাথ হলের এই অভিজ্ঞতা একেবারেই ব্যতিক্রমী। এখানে একসঙ্গে এত মণ্ডপে পূজা হয় এবং প্রতিটি মণ্ডপের সাজসজ্জায় এত সৃজনশীলতা, যা এক কথায় অসাধারণ! দেবযানী বলেন, এটি উদ্ভাবনী ও সৌন্দর্য সৃষ্টির একটি অনিন্দ্যসুন্দর প্রতিযোগিতা। কলকাতা থেকে আসা তরুণ চক্রবর্তী বলেন, কলকাতায় অনেক বাঙালি আছে। কিন্তু সরস্বতী পূজায় এত ব্যাপক আয়োজন হয় না। এটি প্রচার করলে কলকাতার সবাই অবাক হয়ে যাবে। এটি তো এখানে একটি সর্বজনীন উৎসব।এবারও জগন্নাথ হলের পুকুরে পানির ওপর চারুকলার অনিন্দ্যসুন্দর প্রতিমা দেখতে শত শত মানুষ ভিড় করেন। সন্ধ্যার আলোকসজ্জায় আলোকিত হয়ে ওঠে গোটা জগন্নাথ হল প্রাঙ্গণ। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ছাড়াও মন্ত্রিসভার কয়েকজন সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিশিষ্ট ব্যক্তিরা মণ্ডপ পরিদর্শন করেন।প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গতকাল সকাল ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বাণী অর্চনা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং শুভেচ্ছা বক্তব্য দেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘জ্ঞানের কোনো সীমারেখা নেই। দেবী সরস্বতী জ্ঞান, শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার প্রতীক। আমরা যে পেশায় আছি, সেখানে গ্রন্থ ও জ্ঞান অর্জন ব্যতীত আমাদের অস্তিত্ব নেই।’ এ ছাড়া ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে আদালত প্রাঙ্গণে পুরান ঢাকায় সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সচিবালয় পূজা উদ্যাপন পরিষদের মণ্ডপ পরিদর্শন করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ সময় তিনি পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শুভেচ্ছা বক্তব্য দেন।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগে এবারই প্রথম পৃথকভাবে ২০টি মণ্ডপে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ইডেন বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে একইভাবে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।