উৎসাহ-উদ্দীপনায় ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে উপাচার্য এম আবদুস সোবহান জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্ বিশ্ববিদ্যালয়ের পতাকা ও বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা নিজ নিজ হলের পতাকা উত্তোলন করেন। এ সময় সেখানে শান্তির প্রতীক সাদা পায়রা এবং বেলুন ও ফেস্টুন ওড়ানো হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণ থেকে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ। উপাচার্যের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক অর্থনীতিবিদ সনৎ কুমার সাহা, কোষাধ্যক্ষ এম আবদুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এ বারী, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি আবদুর রাজ্জাক প্রমুখ। বক্তারা বলেন, প্রায় ছয় দশক ধরে এ বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ছাড়াও মৌলিক গবেষণার ক্ষেত্রে এক ঐতিহ্যের স্বাক্ষর রেখে চলেছে। জাতির বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও এ বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকর অবস্থান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বজন শ্রদ্ধেয় ও কর্তব্যনিষ্ঠ শিক্ষক শামসুজ্জোহা ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে শহীদ হন। এ ছাড়া মহান মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষকসহ অনেক শিক্ষার্থী ও কর্মচারী আত্মদান করেন। বক্তারা এসব বীর শহীদের পুণ্য স্মৃতিবিজড়িত এ বিশ্ববিদ্যালয়ের অর্জিত সাফল্য ও গৌরবের ধারা অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। উপাচার্য এম আবদুস সোবহান বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবে রূপ দিয়ে এ বিদ্যাপীঠটিকে সত্যিকার অর্থে একটি আধুনিক জ্ঞান-গবেষণা চর্চা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ জন্য সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন।উপাচার্য শিক্ষকদের দেশ ও জাতির আশা-আকাঙ্ক্ষা ও চাহিদা পূরণের জন্য সময়োপযোগী শিক্ষাক্রম প্রণয়ন এবং পঠন-পাঠন ও গবেষণায় নিরন্তর নিবেদিত থাকার আহ্বান জানান।