উৎসাহের পাশাপাশি শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উৎসাহের পাশাপাশি রয়েছে শঙ্কাও। গতকাল সোমবার ভোটার ও প্রার্থীদের সঙ্গে কথা বলে ওই চিত্র পাওয়া গেছে।
৩১ মার্চ (বৃহস্পতিবার) এখানে ভোট হবে।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, হরিপুরের ছয়টি ইউপির চেয়ারম্যান পদে ২৭ জন, সংরক্ষিত নারী সদস্যপদে ৭০ ও সদস্যপদে ২২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার ৭৮ হাজার ৪৯১ জন।
গতকাল সকালে কথা হয় গেদুড়া ইউপির পাঁচঘরিয়া গ্রামের কৃষক রহমত আলীর সঙ্গে। তিনি বলেন, ‘সারা দেশের ভোট দেখে বুঝতে পারছি না, এখানে ভোট ভালো হবে কি না। আওয়ামী লীগ নিজেদের মধ্যে মারামারি করছে। ভোটের দিনও মারামারি হয় কি না কে জানে।’
গেদুড়া ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনুস আলী। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে ৮০ শতাংশ ভোট পাব। নৌকা মার্কার প্রার্থী বিষয়টা বুঝতে পেরে নানা ঘটনা ঘটাচ্ছেন। আমার কর্মীদের হুমকি-ধমকি ও মারধর করা হচ্ছে। ভোট শেষে ব্যালট বাক্স উপজেলায় নিয়ে গিয়ে ফলাফল ঘোষণা দেওয়া হবে বলে কথা ছড়িয়ে বেড়াচ্ছেন। নৌকার প্রার্থী যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। আমি সুষ্ঠু নির্বাচন চাই।’
গেদুড়ায় আওয়ামী লীগের প্রার্থী আবদুল হামিদ বলেন, ‘নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশেই ভোট দিতে পারবেন। মানুষের মধ্যে কোনো শঙ্কা বা ভীতি আছে বলে মনে করি না। আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে।’
হরিপুর সদর ইউপির বটতলা এলাকায় চায়ের দোকানে খোশগল্প করছিলেন জনা ছয়েক ভোটার। তাঁদের মধ্যে জহুরুল হক নামের এক ভ্যানচালক বললেন, ‘ভালো ভোট হবে বলে মনে হচ্ছে না। তারপরও পরিস্থিতি বুঝে তিনি ভোটকেন্দ্রে যাবেন।’
আবদুল কাদের নামের আরেক ভোটার বলেন, ‘ভোটের দিন খালি গন্ডগোল হয়। আর গন্ডগোলোত খালি সাধারণ মানুষ মার খায়। ভোট কেন্দ্রে যায়ে আগত অবস্থা দেখিমো, পরে ভোট দিমো।’
ভাতুরিয়া ইউপির কাঁঠালডাঙ্গী এলাকার আনোয়ার হোসেন বলেন, ‘দেশের অন্য সব এলাকায় যা কিছুই হোক না কেন, এখানের ভোট সুষ্ঠু হবে। ইউনিয়নে দলীয় মার্কায় প্রথম ভোট হচ্ছে। এর ফলাফল দেখার অপেক্ষায় আছি।’
উপজেলা জামায়াতের আমির বরকত উল্লাহ বলেন, ‘সুষ্ঠু ভোট নিয়ে তো আশঙ্কা আছেই। পুলিশ এর মধ্যেই জামায়াতের কর্মীদের হয়রানি করতে শুরু করেছে। সুষ্ঠু ভোট হলে জামায়াতের তিন স্বতন্ত্র প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হচ্ছে। যাঁরা ঝামেলা করবেন, তাঁরা বিপদে পড়বেন।’