উৎসুক দৃষ্টি আজ খুঁজবে 'সুন্দর শিশু চাঁদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চাঁদ উঠিয়াছে, ঈদের চাঁদ কি উঠেছে?/ শুধায় সবে। লাখো জনতার আঁখি থির আজি/ সুদূর সুনীল নভে/ এই ওঠে, ওই উদিল গগনে/ সুন্দর শিশু চাঁদ/...’
‘ঈদের চাঁদ’ কবিতায় লিখেছেন কবি বেগম সুফিয়া কামাল। আজ সোমবার সন্ধ্যায় দেশজুড়ে মুখে মুখে থাকবে জিজ্ঞাসা—চাঁদ কি উঠেছে? চোখ থাকবে পশ্চিম আকাশে। ঈদ কাল মঙ্গলবার নাকি বুধবার হবে, তা নির্ভর করবে চাঁদ দেখা যাওয়া না-যাওয়ার ওপর।
আরবি শাওয়াল মাসের ক্ষীণদেহ প্রথম চাঁদ হয়তো আজই দিনাবসানে জানিয়ে দেবে, ঈদ এসেছে। আর চাঁদ দেখা গেলেই উৎসব শুরু হবে পাড়া-মহল্লায়, সারা দেশে। বেতার-টেলিভিশনে বাজতে থাকবে কবি নজরুলের ঈদের অমর আগমনী গান ‘রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’। ঘরে ঘরে শুরু হবে সাধ্যমতো উপাদেয় খাবারের আয়োজনের তোড়জোড়। এই আয়োজনে থাকবে সেমাই, ফিরনি, পায়েস, পোলাও আর মাংসের নানা পদ।
ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। রমজান মাসের টানা এক মাস কঠোর সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর বিশ্বের মুসলমান সম্প্রদায় রোজা ভঙ্গ করে আল্লাহর প্রতি শুকরিয়াস্বরূপ যে আনন্দ-উৎসব উদ্যাপন করেন, সেটিই ঈদুল ফিতর।
বাংলাদেশে ঈদের প্রস্তুতি থাকে প্রায় মাসজুড়েই। একদিকে পরিবারের সবার, বিশেষ করে শিশুদের জন্য নতুন পোশাক কেনা; অন্যদিকে ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি ফেরার জন্য, বিশেষ করে রাজধানীর অগুনতি বাসিন্দার বাস-ট্রেন-লঞ্চের টিকিট সংগ্রহ, যাত্রার সানন্দ তোড়জোড় চলে। পথের দুর্ভোগসহ নানা ভোগান্তি সেই আনন্দ ম্লান করতে পারে না।
ঈদ ধনী-গরিব সব মানুষের মহামিলনের বার্তা নিয়ে আসে। ঈদের দিন ধনী-গরিব, মালিক-শ্রমিকনির্বিশেষে সব মুসলমান এক কাতারে ঈদের নামাজ আদায় এবং একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। এতে ধ্বনিত হয় সাম্যের জয়গান। এদিক থেকে ঈদ কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, ইসলামের সাম্য আর ভ্রাতৃত্বের আদর্শও উদ্ভাসিত হয় এই উৎসবে।
এ বছর এমন একটি সময়ে ঈদুল ফিতর উদ্যাপিত হতে যাচ্ছে, যখন ইসলামি বিশ্বের কয়েকটি স্থানে চলছে রক্তপাত। ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে রক্ত ঝরে চলেছে। ইসরায়েলের নির্বিচার হামলায় ফিলিস্তিনের গাজায় প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। নিরীহ বেসামরিক মানুষ হতাহত হচ্ছে ইউক্রেনসহ বিশ্বের অন্য অনেক প্রান্তেও। এ কারণে ঈদের জামাতে পারলৌকিক মুক্তির পাশাপাশি বিশ্বশান্তি এবং দেশ-জাতি ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর শান্তি, সমৃদ্ধি ও সংহতি কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করা হবে। সবার চাওয়া হবে হিংসা-বিদ্বেষ ও হানাহানি দূর হোক। ঈদের আনন্দে ভরে উঠুক প্রতিটি প্রাণ।
রাষ্ট্রীয় কর্মসূচি: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঈদের দিন সকাল ১০টায় বঙ্গভবনে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে নয়টা থেকে রাজনীতিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এবং সাড়ে ১১টায় কূটনীতিক ও বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবারও বেলা ১১টায় রাজধানীর লেডিস ক্লাবে নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
ঈদ উপলক্ষে রাজধানীসহ বড় শহরের বিনোদনকেন্দ্রগুলো সাজছে উৎসবের রূপে। সরকারি হাসপাতাল, এতিমখানা ও কারাগারগুলোতে উন্নত মানের খাবারের ব্যবস্থা থাকবে। সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র, ঈদসংখ্যা। যুগের হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে অনেক মানুষ ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমে।
ঈদের শুভেচ্ছা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসব বাণীতে তাঁরা ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশবাসীর মঙ্গল কামনা করেছেন। এ ছাড়া ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রমোদ মানকিন ও মহাসচিব নির্মল রোজারিও।

সংশোধনী: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর লেডিস ক্লাবে নয়, ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।