উৎসুক দৃষ্টি বাড়িটির দিকে

পাঁচতলা ভবনটিতে মোট ১০টি ফ্ল্যাট। প্রতিটিই তালাবদ্ধ। ফটকে নিরাপত্তারক্ষী বা অন্য কেউ নেই। ফটকের ভেতরে দুটি মোটরসাইকেল পার্কিং করে রাখা। আর বাড়ির বাইরে পথচলতি মানুষের উৎসুক চোখ। একটু থেমেই চোখ রাখছেন বাড়িটির দিকে। তবে আশপাশের ভবনগুলোর অফিস ও বাসা বাড়ির জীবনযাত্রা স্বাভাবিকই দেখা গেছে।
রাজধানীর লালমাটিয়া সি ব্লকের ৮/১৩ নম্বর বাড়িটির চিত্র এটি। এ বাড়িতেই দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের মালিক ও স্বত্বাধিকারী আহমেদুর রশীদ চৌধুরী ওরফে টুটুল, কবি ও ব্লগার তারেক রহিম এবং রণদীপম বসু। তাঁদের নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়। হামলার পর কার্যালয়টি বাইরে থেকে তালাবদ্ধ করে চলে যায় দুর্বৃত্তরা।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে বাড়িটির সামনে গিয়ে দেখা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) টহল দলের তিন সদস্য সেখানে দাঁড়িয়ে আছেন। জানতে চাইলে তাঁরা প্রথম আলোকে বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে তাঁরা সেখানে এসেছেন।
ভবনের ভেতরে গিয়ে দেখা গেল, ভবনটির সবগুলো ফ্ল্যাটেই তালাবদ্ধ। ভবনের কেয়ারটেকার মো. শরীফ জানান, ভবনে একটি আবাসন কোম্পানির অফিস, একটি যোগ ব্যায়াম কেন্দ্র, দুজন শিক্ষকের পরিচালনায় দুটি কোচিং সেন্টারসহ কয়েকটি অফিস রয়েছে। ঘটনার পর থেকেই সবগুলো অফিস বন্ধ রয়েছে। ভবনের নিরাপত্তাকর্মীকে শনিবার পুলিশ নিয়ে যাওয়ার কারণে ভবনের নিচে কোনো নিরাপত্তাকর্মী নেই বলেও জানান তিনি।
সকাল ১০টার দিকে কয়েকজন রাজনৈতিক সহকর্মীসহ সেখানে আসেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাভলু। মোহাম্মদপুরের বাসিন্দা এ রাজনৈতিক নেতা প্রথম আলোকে বলেন, ‘মোহাম্মদপুর-লালমাটিয়ায় প্রগতিশীল ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষের বসবাস অনেক বেশি। এখানে দীর্ঘদিন ধরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু এ ঘটনা আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে।’
ওই বাড়ির আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলতে চাইলে সবাই বিষয়টি এড়িয়ে যান। তবে কয়েকজন বললেন, আক্রমণের ঘটনা যখন ঘটে তখন তাঁরা কেউই টের পাননি। বাড়িতে কোচিং সেন্টার থাকার কারণে প্রচুর মানুষের আসা যাওয়া ছিল। তাই কিছুই বুঝতে পারেননি তাঁরা।