উৎসব আর আনন্দে বড়দিন উদ্যাপন
বরিশাল ও ফরিদপুরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়েছে যিশুখ্রিষ্টের জন্মদিন। খ্রিষ্টধর্মাবলম্বীরা দিনটি শুভ বড়দিন হিসেবে পালন করে।
গতকাল রোববার সকাল আটটায় বরিশাল নগরের সদর রোডের ক্যাথিড্রাল চার্চে প্রার্থনা হলেও মূল সূচনা হয় শনিবার রাত ১২টা ১ মিনিটে।
সকালে ভক্তদের মাঝে যিশুখ্রিষ্টের বার্তা প্রচার করেন চার্চের পালক প্রধান ফাদার মাইকেল দেউরি সিএসসি। এরপর চার্চে সমবেত সব খ্রিষ্টভক্ত দেশ-জাতি তথা বিশ্ব মানবতার মঙ্গল কামনায় প্রার্থনা করেন। প্রার্থনার ফাঁকে ফাঁকে চলে ধর্মীয় সংগীত। এ সময় তাঁরা বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে গত শনিবার রাত ১২টা ১ মিনিটে যিশুখ্রিষ্টের আবির্ভাবের সঙ্গে সঙ্গে শিশু যিশুকে প্রণাম জানান চার্চের ধর্ম যাযক বিশপ লরেন্স সুব্রত হাওলাদার। একই সঙ্গে সব খ্রিষ্টভক্ত যিশুকে প্রণাম জানায়। প্রার্থনা, বাইবেলপাঠ ও সংগীতের মাধ্যমে যিশুখ্রিষ্টের জন্মদিনকে স্মরণ করে তারা। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ, মানবজাতির মুক্তি ও শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হয় বড়দিনের প্রার্থনা।
ক্যাথিডাল চার্চ ছাড়াও বরিশাল নগরের ব্যাপ্টিস্ট মিশন ও অক্সফোর্ড মিশন এবং রূপাতলীতে আয়োজন করা হয়েছে বড়দিনের উৎসব। বরিশালের সবচেয়ে বড় উৎসবের আয়োজন করা হয় জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর চার্চে।
এদিকে সকাল সাড়ে নয়টায় ফরিদপুর শহরের মিশন হাউসের ধর্মীয় গানের সঙ্গে শোভাযাত্রা ও পরে উপাসনা করা হয়।
এ সময় বক্তব্য দেন চার্চের প্রধান উপদেষ্টা রেভা ডি পি মুন্সী, উপদেষ্টা মি. পল শ্যামল হালদার, পালক বিদ্যুৎ সরকার, সম্পাদক আলফ্রেড সজল দাস, জন ডি হালদার, সংস্কৃতিকর্মী স্টিভ তুর্য বাড়ৈ প্রমুখ।