উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বর্জন করার ঘোষণা দেওয়ার পরপরই সংবাদ সম্মেলনের আয়োজন করে নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দীন। সেখানে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

নগরের প্রিয়া কমিউনিটি সেন্টারে ​আয়োজিত সম্মেলনে হাছান মাহমুদ বলেন, বিএনপির প্রচেষ্টা ছিল এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। সে লক্ষে বিভিন্ন ধরনের অভিযোগ এনে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। মূলত অত্যন্ত উৎ​সাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ঢাকায় আচরণ বিধি লঙ্ঘন করে খালেদা জিয়া প্রচারণায় নামেন। ঢাকা শহরে তিনি আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছেন। কয়েক হাজার মানুষকে পেট্রল বোমায় পুড়িয়ে তারা ক্ষান্ত হয়নি। তারা মূলত মাঠে নেমেছে গণতন্ত্রকে হত্যা করতে। পেট্রল বোমায় আহত মানুষ ক্ষুব্ধ হয়ে খালেদা জিয়াকে প্রতিবাদ জানাতে ​চেয়েছিল। বাংলামোটরে তাঁর গাড়িবহর চাপা দিয়েছে অনেক মানুষকে। আজ তাঁর তিনজন প্রার্থী বানোয়াট অভিযোগ করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। সকালে বিভিন্ন ভোটকেন্দ্রে বিপুল মানুষের উপস্থিতি ​দেখে তাঁরা পরাজয় নিশ্চিত জেনে ভোট বর্জন করেছেন।

হাছান মাহমুদ আরও বলেন, চট্টগ্রাম শহরে উৎ​সব মুখর পরিবেশে ভোট চলছে। মনজুর আলম বুঝে গেছেন জনগণ তাঁর পক্ষে নেই। তিনি রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। প্রকৃত পক্ষে তাঁর অভিযোগের আঙুল বিএনপির দিকে। কারণ বিএনপির নেতারা তাঁকে সহ​যোগিতা করেননি। এমন​কি বিভিন্ন স্থানে এজেন্টও দিতে পারেননি। এ কারণেই রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন। জনগণ তাঁদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই বিএনপি এ ভোট বর্জনের ঘোষণা দিয়েছে।

সংবাদ সম্মেলনে কেন্দ্র দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব বানোয়াট অভিযোগ।