
হোসেনী দালান রোডের ওপর ঝুলছে কালো ব্যানার। দোকান ও ঘরবাড়ির ছাদে উড়ছে কালো নিশান। ইমামবাড়া মাঠে ‘ইয়া হোসেনা, ইয়া হোসেনা’ বলে উঠেছে মাতম। গতকাল বুধবার ৭ মহররম থেকে শুরু হয়েছে শিয়া সম্প্রদায়ের পবিত্র আশুরার মূল আয়োজন।
কারবালার ময়দানে ইমাম হোসেন (রা.)-এর সপরিবারে শহীদ হওয়ার ঘটনাকে শিয়া সম্প্রদায় বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করে। মহররম মাসের প্রথম দিন থেকে ১০ মহররম পর্যন্ত থাকে টানা কর্মসূচি। রাজধানী ঢাকায় শিয়া সম্প্রদায়ের প্রধান উপাসনাকেন্দ্র পুরান ঢাকার হোসেনী দালান ইমামবাড়াকে কেন্দ্র করে আয়োজন করা হয় এসব কর্মসূচির।
ইমামবাড়ার তত্ত্বাবধায়ক মীর মোহাম্মদ ফিরোজ হোসাইন প্রথম আলোকে জানালেন, ১ থেকে ৬ মহররম পর্যন্ত প্রতিদিন চলে ‘মেহেদি নাযার’ নামের বিশেষ মজলিশ। মিছিল শুরু হয় ৭ মহররম থেকে। এই মিছিলকে বলা হয় ‘গাশ্ত’। মহররমের মিছিলকে সাধারণত ‘তাজিয়া’ মিছিল বলা হলেও ৭ মহররম থেকে যে মিছিলগুলো বের হয়, তার প্রতিটিরই আলাদা নাম আছে।
গতকাল বুধবার সন্ধ্যায় বেরিয়েছে নিশান মিছিল বা ‘আলম গাশ্ত’। সন্ধ্যায় মিছিলটি পুরান ঢাকার বিভিন্ন পথ পরিক্রম করে। এই মিছিলে ইমাম হোসেন (রা.)-এর স্মরণে কালো পতাকা নিয়ে মাতম করেন ইমামভক্তরা। এ ছাড়া দিনে আলোচনা ও মর্শিয়া হয়েছে কারবালার শহীদ হজরত আব্বাস (রা.)-এর ওপর। আজ বৃহস্পতিবার সারা দিন হবে মজলিশ, মর্শিয়া। সন্ধ্যা সাড়ে ছয়টায় যে মিছিলটি বের হবে, তার নাম ‘তাগ গাশ্ত’। এই মিছিলে থাকবে বিশেষ সজ্জায় সজ্জিত ভেস্তা ও কাসেদের দল।
শুক্রবার ৯ মহররম সন্ধ্যায় হবে ‘মজলিশ-এ-আশুরা’। এতে ইমাম হোসেন (রা.)-এর শিশুপুত্র হজরত আলী আসগরের শহীদের ঘটনা তুলে ধরা হবে। মাতম করা হবে তাঁর জন্য। মজলিশ শেষে রাত দেড়টায় বের হবে ‘গাহওয়ারা গাশ্ত’ নামের শোক মিছিল।
আশুরার দিন সকাল থেকেই ইমামভক্তরা হোসেনী দালানসহ ঢাকার বিভিন্ন ইমামবাড়ায় সমবেত হবে। পুরান ঢাকার বিবিকা রওজাসহ অন্যান্য ইমামবাড়া থেকে মিছিল এসে সমবেত হবে হোসেনী দালানে। সকাল ১০টায় বের হবে আশুরার ঐতিহ্যবাহী ‘মঞ্জিল গাশ্ত’, যা তাজিয়া মিছিল নামেই সবার পরিচিত। মিছিলে থাকবে তাজিয়া, ঝুলা, নিশান, দুলদুল, পাকপাঞ্জাতুনসহ বিভিন্ন উপকরণ। মিছিলটি বকশীবাজার, হরনাথ ঘোষ রোড, আজিমপুর, নিউমার্কেট ঘুরে ধানমন্ডির ২ নম্বর সড়কের লেকে তাজিয়া বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে শেষ হবে।
এরপর বেলা তিনটা থেকে হোসেনী দালানে শুরু হবে ‘ফাকা শিকানি’ নামের বিশেষ আলোচনা। সন্ধ্যায় অন্ধকার নেমে এলে শুরু হবে ‘মজলিশ-এ-শামে গারিবা’। ইমামবাড়ায় আলো জ্বলবে না। নিভিয়ে দেওয়া হবে সব বাতি। যুদ্ধ শেষে কারবালার ময়দানে যে আঁধার ও স্তব্ধতা নেমে এসেছিল, তারই স্মরণে এই আশুরার সরা রাত অন্ধকারে থেকে আহাজারি করবে ইমামভক্তরা।