উড়াল দিতে পারবেন মার্শাল আর্ট-কন্যা?

লালমনিরহাটের কৃষক পরিবারের মার্শাল আর্ট-কন্যা সান্ত্বনা রানী রায়। আমন্ত্রণ পেয়েছেন ২০তম তায়কোয়ান্দো বিশ্বচ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশ নেওয়ার। আর ৫০ হাজার টাকার সংস্থান হলেই এ খেলায় অংশ নিতে উড়াল দিতে পারবেন তিনি।
১৫ থেকে ২১ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে ২০তম তায়কোয়ান্দো বিশ্বচ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন সান্ত্বনা। তিনি আদিতমারী উপজেলার হরিদাস গ্রামের সুবাস চন্দ্র রায়ের মেয়ে।
সান্ত্বনা রানী রায় বলেন, উত্তর কোরিয়ায় যেতে বিমানভাড়া, অংশগ্রহণ ফি ও পোশাক-পরিচ্ছদের জন্য তাঁর ১ লাখ ৪০ হাজার টাকা দরকার। বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশন থেকে পিয়ংইয়ংয়ে শুধু থাকা-খাওয়ার ব্যবস্থা করবে। বাকি খরচ বহন করতে পারবে না। এতে বিপাকে পড়েছেন তিনি। এ পর্যন্ত স্থানীয় বিত্তশালী ক্রীড়াপ্রেমী ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে তিনি ৯৫ হাজার টাকা অনুদান পেয়েছেন। আরও দরকার ৪৫ হাজার টাকা।
সান্ত্বনা রানী বলেন, ‘বাকি টাকার সংস্থান হলেই আমি স্বপ্নের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারতাম।’
সান্ত্বনা ২০১৪ সালে নেপালের কাঠমান্ডুতে সপ্তম এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে প্রথম হন। ২০১৫ সালে ঢাকায় সপ্তম জাতীয় আইটিএফ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে তিনি সেরা খেলোয়াড় হন।
অর্থের সংস্থান হলে আগামী বুধবার সান্ত্বনা ঢাকা থেকে পিয়ংইয়ংয়ের উদ্দেশে রওনা হবেন। সঙ্গে থাকবেন আমন্ত্রণ পাওয়া অন্য দুই খেলোয়াড় মোহাম্মদ রহমাতুল্লাহ নিশান ও সানজিদা রহমান নীতি।
লালমনিরহাট সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায় বলেন, এই প্রথম লালমনিরহাটের কোনো নারী খেলোয়াড় দেশের বাইরে বিশ্বচ্যাম্পিয়নশিপে খেলার আমন্ত্রণ পেলেন। সবার আশা, তিনি সেখানে যেতে পারবেন এবং বিজয় ছিনিয়ে আনবেন। জেলাবাসীর এই স্বপ্ন পূরণ হবে কি না, তা সময়ই বলে দেবে। বাকি টাকা সংগ্রহ না হওয়া পর্যন্ত প্রতিযোগিতায় তাঁর অংশগ্রহণ নিশ্চিত নয়।