উড়াল দিয়েছেন সেই মার্শাল আর্ট-কন্যা
অনিশ্চয়তা কাটিয়ে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে ২০তম তায়কোয়ান্দো বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অংশ নিতে উড়াল দিয়েছেন লালমনিরহাটের মার্শাল আর্ট-কন্যা সান্ত্বনা রানী রায়। আজ বৃহস্পতিবার দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
সিঙ্গাপুর থেকে কানেক্টিং ফ্লাইটে চীনের বেইজিং হয়ে কাল দুপুরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছানোর কথা সান্ত্বনার।
১৫ থেকে ২১ সেপ্টেম্বর পিয়ংইয়ংয়ে ২০তম তায়কোয়ান্দো বিশ্বচ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পান সান্ত্বনাসহ বাংলাদেশের তিনজন প্রতিযোগী। সান্ত্বনা আদিতমারী উপজেলার হরিদাস গ্রামের কৃষক সুবাস চন্দ্র রায়ের মেয়ে।
উত্তর কোরিয়ায় যেতে বিমানভাড়া, অংশগ্রহণ ফি ও পোশাক-পরিচ্ছদের জন্য সান্ত্বনার প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে অনিশ্চয়তা দেখা দেয়। বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশন থেকে পিয়ংইয়ংয়ে শুধু থাকা-খাওয়ার ব্যবস্থা করবে। বাকি খরচ বহন করতে পারবে না। স্থানীয় বিত্তশালী ক্রীড়াপ্রেমী ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ৯৫ হাজার টাকা অনুদান পান। আরও তাঁর দরকার ছিল ৪৫ হাজার টাকা।
১০ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘উড়াল দিতে পারবেন মার্শাল আর্ট-কন্যা?’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সান্ত্বনাকে আর্থিক সহায়তা দেন। গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত সান্ত্বনার আর্থিক মোট সহায়তার পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ৯৬ হাজার টাকা।
সান্ত্বনা রানী রায় বলেন, ৭ সেপ্টেম্বর প্রথম আলোর অনলাইনে ‘বিশ্বকাপে যেতে পারবেন সান্ত্বনারা?’ এবং ১০ সেপ্টেম্বর প্রথম আলো পত্রিকায় ‘উড়াল দিতে পারবেন মার্শাল আর্ট-কন্যা?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিত্তশালী ক্রীড়াপ্রেমী ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে তিনি যে পরিমাণ আর্থিক সহায়তা পেয়েছেন, তা তাঁর কল্পনার বাইরে।
সান্ত্বনা বলেন, ‘আমি এ জন্য প্রথম আলোর প্রতি কৃতজ্ঞ। যাঁরা আমাকে আর্থিক সহায়তা দিয়েছেন এবং অর্থ সংগ্রহে কাজ করেছেন, তাঁদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল।’ বিদেশের মাটিতে তিনি যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারেন, সে জন্য তিনি সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।
সান্ত্বনা ২০১৪ সালে নেপালের কাঠমান্ডুতে সপ্তম এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে প্রথম হন। ২০১৫ সালে ঢাকায় সপ্তম জাতীয় আইটিএফ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে তিনি সেরা খেলোয়াড় হন।