উড়াল সাঁকোটি অচল তিন বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের আকর্ষণীয় কাঠের উড়াল সাঁকোটি তিন বছর ধরে অচলাবস্থায় পড়ে রয়েছে। সাঁকোর রক্ষণাবেক্ষণ এবং সংস্কার না হওয়ায় ইতিমধ্যে কাঠের সব পাটাতন ও রেলিং ভেঙে গেছে। পাকা ও লোহার খুঁটিগুলো অযত্নে নষ্ট হচ্ছে। হতাশ হচ্ছেন পার্ক ভ্রমণে আসা পর্যটকেরা।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৪ সালে পার্ক কর্তৃপক্ষ প্রায় ১৪ লাখ টাকা ব্যয় করে ২৭৪ মিটার লম্বা এই কাঠের সাঁকোটি তৈরি করে। শতবর্ষী আকাশ ছোঁয়া গর্জন বনের ভেতর দিয়ে আঁকাবাঁকা হয়ে সাঁকোটি চলে গেছে। লেকের পানি ও সমতল থেকে সাঁকোটি ২০ ফুট উঁচু। পর্যটকেরা এই সাঁকোর ওপর হেঁটে হেঁটে নিচের লেকের পানিতে নানা প্রজাতির পাখির বিচরণ, মাছ শিকারের দৃশ্য, জলহস্তি ও কুমিরের দৌড়ঝাঁপ প্রত্যক্ষ করতেন। আকাশ ছোঁয়া বড় বড় গাছে বানর, ভালুকসহ বণ্যপ্রাণীর লাফালাফি এবং হাঁকডাক শুনতেন। কিন্তু তিন বছর ধরে সাঁকোটি ভেঙে পড়ায় পর্যটকেরা এসব দুর্লভ অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছেন। পার্কে সংরক্ষণ করা হয়েছে বাঘ, সিংহ, চিতা, হাতি, কুমির, ইম্পালা, হরিণ, ভালুক, বন্যশূকর, খরগোশ, গয়াল, বাঘডাশা, বনবিড়াল, চিতাবিড়াল, উদবিড়াল, বনরুই, সজারু, বাদুড়, শিয়াল, উড়ন্ত কাঠবিড়ালি, বার্মিজ খরগোশ, খেঁকশিয়াল, বড় বেজিসহ অন্তত কয়েক হাজার পশুপাখি। এসব প্রাণী পর্যবেক্ষণের জন্য পার্কে স্থাপন করা হয়েছে নয়টি পর্যবেক্ষণ টাওয়ার। এর মধ্যে পার্কের মধ্যভাগে (স্থানে) ১৫ লাখ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে ৮০ ফুট উঁচু একটি পর্যবেক্ষণ টাওয়ার। সেখানে দাঁড়িয়ে পুরো পার্ক পর্যবেক্ষণ করা যায়। অচল সাঁকো আর টাওয়ারটি এ কারণে পর্যটকের কাছে গুরুত্বপূর্ণ। গতকাল শনিবার সকালে পার্ক পরিদর্শন করে দেখা গেছে, বিপুলসংখ্যক পর্যটক অচল সাঁকোটি দেখে হতাশা ব্যক্ত করেন। কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আসা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক সিরাজুল ইসলাম (৫৬) বলেন, চার বছর আগে এই পার্ক ভ্রমণে এসে সাঁকোটি পরিদর্শন করেছি। সাঁকোর ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেক বণ্য প্রাণীর দর্শন পেয়েছি। এবার সাঁকোটি ভাঙা দেখে মনটা খারাপ হয়ে গেল। কয়েক লাখ টাকা খরচ করে সাঁকোটি মেরামতের যেন কেউ নেই। এ প্রসঙ্গে জানতে চাইলে পার্কের তত্ত্বাবধায়ক ও বন বিভাগের রেঞ্জার জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ভাঙা উড়াল সাঁকোটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়ে গত অর্থবছর চাহিদাপত্র পাঠানো হয়েছে। কিন্তু কোনো টাকা বরাদ্দ পাওয়া যায়নি। এ বছরও অনুরোধপত্র পাঠানো হয়েছে। আগামী বছরের জানুয়ারি মাসের দিকে অর্থ বরাদ্দ পাওয়া যেতে পারে। সাঁকোটি অচল থাকায় পর্যটকেরা হতাশ হচ্ছেন।