উড়াল সড়কের দরপত্র নভেম্বরে
রাজধানীর যানজট নিরসনে উড়াল সড়কের (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) দরপত্র আগামী মাসে আহ্বান করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি বলেন, এ উড়াল সড়ক সরকারি-বেসরকারি অংশীদারমূলক প্রকল্প (পিপিপি) হিসেবে বাস্তবায়ন করা হবে।গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রজিত মিত্তারের সঙ্গে বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী এ কথা জানান। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকায় ৩২.৫ কিলোমিটার উড়াল সড়ক নির্মাণে প্রাথমিকভাবে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে বাংলাদেশ সেতু বিভাগ। এই চার প্রাক-যোগ্যতাসম্পন্ন প্রতিষ্ঠান হচ্ছে থাইল্যান্ডভিত্তিক ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড, সিকদার রিয়েল এস্টেট (বাংলাদেশ) ও কেসিসি (দক্ষিণ কোরিয়া), ভারতভিত্তিক গ্যামন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট লিমিটেড ও বয়েজাজ ট্রাভু পাবলিকস এসএ কনসোর্টিয়াম (যৌথভাবে) ও চীনা রেলওয়ে ইন্টারন্যাশনাল লিমিটেড।জানা গেছে, প্রস্তাবিত উড়াল সড়ক চার লেনবিশিষ্ট হবে। টোলের বিনিময়ে এর ওপর দিয়ে যানবাহন চলাচল করতে হবে। সরকার ঠিকাদারি প্রতিষ্ঠানকে ভূমি দেবে। ঠিকাদারি প্রতিষ্ঠান নিজের অর্থে তা নির্মাণ করবে। চুক্তি মোতাবেক একটি নির্দিষ্ট সময়ের পর সরকারের কাছে মালিকানা হস্তান্তর করা হবে। প্রসঙ্গত, গত ২৩ আগস্ট মন্ত্রিসভা উড়াল সড়কের রূপরেখা অনুমোদন দেয়। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। ২০১১ সালে এ প্রকল্পের কাজ শুরু হয়ে শেষ হবে ২০১৩ সালে।