উড়ালসেতু ধসে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও নিরাপত্তা ব্যবস্থা কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহদ্দারহাটে উড়ালসড়ক (ফ্লাইওভার) নির্মাণে প্রতিরোধমূলক নিরাপত্তাব্যবস্থা গ্রহণে বিবাদীদের নিস্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল রোববার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন। ওই উড়ালসড়কটি ভেঙে পড়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান এবং নির্মাণকাজে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। গত ২৪ নভেম্বর চট্টগ্রামের বহদ্দারহাট জংশনে নির্মাণাধীন ওই ফ্লাইওভারটির তিনটি গার্ডার ভেঙে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। যোগাযোগ সচিব, স্থানীয় সরকার সচিব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রামের জেলা প্রশাসক, বহদ্দারহাট ফ্লাইওভারের প্রকল্প পরিচালক, ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ ছয় বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।