উড়ালসেতুতে রক্তাক্ত নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়র হানিফ উড়ালসেতুতে গতকাল দুর্ঘটনায় আহত হন আফসানা আক্তার। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পথচারীরা l ছবি: প্রথম আলো
মেয়র হানিফ উড়ালসেতুতে গতকাল দুর্ঘটনায় আহত হন আফসানা আক্তার। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পথচারীরা l ছবি: প্রথম আলো

উড়ালসেতুর ওপর নারীর মাথা দিয়ে রক্ত ঝরছে। মুখ ভিজে যাচ্ছে রক্তে। সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। এই দৃশ্য দেখেও কয়েকজন চলে গেলেন। তবে কয়েকজন পথচারী তাঁকে উদ্ধার করলেন। তাঁদের সাহায্যের আবেদনে সিএনজিচালিত একটি অটোরিকশা থামল। দুই যাত্রী নেমে আহত নারীর জন্য অটোরিকশাটি ছেড়ে দিলেন। তাঁকে নিয়ে অটোরিকশা ছোটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার মেয়র হানিফ উড়ালসেতুর সায়েদাবাদ প্রান্তে এই দুর্ঘটনা ঘটে।
আহত নারীর সঙ্গে থাকা তাঁর ভাই দিদার হোসেন জানালেন, তাঁর বোনের নাম আফসানা আক্তার (২৫)। উড়ালসেতুর ওপর বাস থেকে নেমে আরেক পাশে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। উড়ালসেতুর নিরাপত্তারক্ষী মোহাম্মদ মিলন জানান, আফসানাকে একটি মোটরসাইকেল ধাক্কা দিয়েছে।
কয়েকজন যাত্রী ও বাসচালক জানালেন, এই উড়ালসেতুর ওপর দুর্ঘটনা নতুন কিছু নয়। উড়ালসেতুর যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও রাজধানী সুপার মার্কেটের প্রান্তগুলোতে বাস বা অন্য গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করানো হয়। যাত্রাবাড়ীতে নিচের রাস্তা থেকে ওপরে পথচারী ওঠানামার জন্য সিঁড়িও সংযুক্ত করা হয়েছে। উড়ালসেতুর ওপর দিয়ে লোকজনের চলাচলের কারণে চালক-পথচারী উভয়ই বিপদে পড়েন।
দুর্ঘটনায় আহত আফসানাকে অটোরিকশা ছেড়ে দিয়ে সাহায্য করেছিলেন জামাল খান ও নূর মোহাম্মদ। তাঁরা দোলাইরপাড়ে পুরোনো মালামাল বিক্রি করে অটোরিকশায় করে মোহাম্মদপুর যাচ্ছিলেন। অটোরিকশা ছেড়ে দেওয়ার পর জামাল খান ও নূর মোহাম্মদকে এগিয়ে দিতে এই প্রতিবেদক তাঁর মোটরসাইকেলে তুলে নেন। নিমতলী প্রান্তে নামার পথে আরেকটি দুর্ঘটনা চোখে পড়ে। একটি মাইক্রোবাস পেছন থেক ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে দিয়েছে একটি ব্যক্তিগত গাড়িকে। জামাল খান বললেন, এই উড়ালসেতুতে অনেক দুর্ঘটনা দেখেছেন তিনি। কিছুদিন আগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে দোলাইরপাড়ের দুই ভাই মারা যান।
যাত্রাবাড়ী থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, এই উড়ালসেতুতে গত দুই বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় অন্তত ১০ জন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
আহত লোকজনের একজন রাজধানীর কাঁটাবনের মোটরসাইকেল মেকানিক মোহাম্মদ ইউনুস। তাঁর ভাষ্য, উড়ালসেতুর কয়েক জায়গায় সড়কের সমান্তরালে কংক্রিটের সংযোগস্থলগুলো মোড়ানো হয়েছে ইস্পাতের পাত দিয়ে। একে ‘এক্সপানশন জয়েন্ট’ বলা হচ্ছে। এই জোড়ায় স্বাভাবিকের তুলনায় বেশি ফাঁক থাকায় সেখানে মোটরসাইকেলের চাকা আটকে দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ ইউনুস বলেন, ‘আমি ওই জায়গা দিয়ে যাওয়ার সময় মনে হইল চাক্কাডা পিছলাইয়া গেল। আহত হইয়া কয়েক মাস বাসায় থাকলাম।’ ইউনুস জানান, এই উড়ালসেতুতে একইভাবে দুর্ঘটনায় পড়া কয়েকটি মোটরসাইকেল তিনি তাঁর দোকানেই ঠিক করেছেন। ২০১৩ সালের অক্টোবরে চালু হওয়া এই উড়ালসেতু দিয়ে গুলিস্তান থেকে শনির আখড়া ও পোস্তগোলা পর্যন্ত যাতায়াত করা যায়। চার লেনের উড়ালসেতুতে উঠতে ছয়টি এবং বের হতে সাতটি পথ রয়েছে। উড়ালসেতুর ওপর এসব পথে প্রায়ই দুর্ঘটনা ঘটে। জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ফ্লাইওভারে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাও হচ্ছে। গাড়ির প্রচণ্ড গতি দুর্ঘটনার একটি কারণ।’
উড়ালসেতুর ওপরে যাত্রী ওঠানামা করার বিষয়ে জানতে চাইলে আনিসুর রহমান বলেন, উড়ালসেতুর ওপর যাত্রী ওঠানামা করানো ঠিক কি না, সে সম্পর্কে বলা তাঁর উচিত হবে না। আহত আফসানার সবশেষ অবস্থা সম্পর্কে দুপুরের দিকে জানতে চাইলে তাঁর ভাই দিদার হোসেন বলেন, তাঁর বোনের মাথায় সেলাই দেওয়া হয়েছে। রক্তপাত বন্ধ হয়েছে। কিন্তু তাঁর পা ভেঙে গেছে। দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার কথা বলছেন চিকিৎসকেরা। এখন সেই প্রস্তুতি চলছে।