চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন উড়ালসড়কের গার্ডার ভেঙে পড়ার জন্য নির্মাণ প্রতিষ্ঠানের অদক্ষতা ও নিরাপত্তার বিষয়কে অবহেলাকে দায়ী করেছে তদন্ত কমিটি। গত ২৮ জুন গার্ডারটি ভেঙে পড়ার পর গঠিত তদন্ত কমিটি গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দেয়। কমিটি একই সঙ্গে পাঁচটি সুপারিশও করেছে। এগুলো হচ্ছে নির্মাণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে দক্ষ জনবল নিয়োগ, ক্রস বিম নির্মাণ করা, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা, পরামর্শক প্রতিষ্ঠানের নীতিমালার (গাইডলাইন) বাইরে গিয়ে কোনো কাজ না করা এবং জরুরি দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুতি। তদন্ত কমিটির সদস্যসচিব ও চউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী হাসান বিন শামস প্রথম আলোকে বলেন, পরীক্ষা করে দেখা গেছে, গার্ডারটি তৈরির পর সেটি যথাস্থানে প্রতিস্থাপনের আগে একটি কাঠখণ্ডের ওপর রাখা হয়েছিল। কিন্তু বৃষ্টির পানিতে কাঠখণ্ডটি পচে গেলে সেটি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়।