উড়ালসেতুর নিরাপত্তাকর্মী খুন, রামপুরায় পিকআপের ধাক্কায় চালক নিহত
রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোডে গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রুহুল আমিন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি কুড়িল বিশ্বরোডসংলগ্ন উড়ালসেতুর নিরাপত্তাকর্মী ছিলেন। এ ছাড়া রামপুরায় গতকাল শুক্রবার সকালে পিকআপের ধাক্কায় নূর হোসেন (৩০) নামের এক যুবক নিহত হন। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে উড়ালসেতুতে দায়িত্ব পালন করছিলেন রুহুল। এ সময় কয়েকজন বখাটে সেতুর নির্মাণকাজের জন্য আনা লোহার রড চুরি করতে আসে। এতে বাধা দেওয়ায় ওই বখাটেরা তাঁকে ছুরিকাঘাত করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রুহুল আমিনের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায়। বাবা শুক্কুর আলী। অপর ঘটনায় রাজধানীর রামপুরায় গতকাল শুক্রবার সকালে পিকআপের ধাক্কায় নূর হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ১০ নম্বর রুটের একটি বাসের চালক বলে পুলিশ জানিয়েছে। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন বলেন, গতকাল সকাল সাতটার দিকে রামপুরার বনশ্রী এলাকায় একটি লেগুনা গাড়িতে উঠতে যাচ্ছিলেন নূর হোসেন। এ সময় পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ১১টার দিকে তিনি মারা যান।