উড়ালসেতুর নির্মাণকাজ তিন বছর ধরে বন্ধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তার উড়ালসেতুর (ফুটওভারব্রিজের) নির্মাণকাজ তিন বছরেও শেষ হয়নি। গত পাঁচ বছরে এ স্থান দিয়ে সড়ক পার হতে গিয়ে ২৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে শতাধিক মানুষ। উপজেলাবাসীর প্রাণের দাবি উড়ালসেতুটি নির্মিত না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছে। এলাকাবাসী জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা পার হয়ে উপজেলার অধিকাংশ মানুষ প্রতিদিন বিভিন্ন স্থানে যাতায়াত করে। তা ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে ছাত্রছাত্রীদের মহাসড়কের এ স্থানটি অবশ্যই পার হতে হয়। সোনারগাঁ থানা ও এলাকাবাসীর দেওয়া তথ্যমতে, বিগত পাঁচ বছরে ওই স্থান দিয়ে সড়ক পার হতে গিয়ে দ্রুতগামী বিভিন্ন যানবাহনের নিচে চাপা পড়ে ২৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এ স্থান দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাস ও ট্রাকের চাপায় ২০০৯ সালে গোয়ালদী গ্রামের সাবেক ইউপি সদস্য ইউনুস আলী, জামপুর গ্রামের আবদুল হক মাস্টার, ২০১০ সালে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ছাত্র সজীব মিয়া, ২০১১ সালে স্কুলছাত্র আমির হোসেন, ব্যবসায়ী নজরুল ইসলাম, ২০১২ সালে মাদ্রাসাছাত্র নুরুল ইসলাম প্রাণ হারান। এই কয়েকটি দুর্ঘটনার পর ব্যাপক আন্দোলন হয়। নিহত অন্যরা দিনমজুরসহ গ্রামের সাধারণ মানুষ। প্রতিবারই মানুষ মারা যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা একত্র হয়ে সভা-সমাবেশ, মানববন্ধন করে মহাসড়ক অবরোধ করে প্রশাসনের বিভিন্ন কার্যালয়ে স্মারকলিপি দিলেও কোনো কাজ হয়নি।বিগত সংসদ নির্বাচনের আগে স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার নির্বাচিত হলে ওই স্থানে উড়ালসেতু নির্মাণ করবেন বলে প্রতিশ্রুতি দেন। ২০০৯ সালে দরপত্র আহ্বানের মাধ্যমে উড়ালসেতুটির নির্মাণকাজ শুরু হয়। অভিযোগ ওঠে, ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ শুরুর পর চাহিদামতো বিল উত্তোলন করে কাজ বন্ধ রেখে এলাকা ছেড়ে চলে যায়। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান রেজা কনস্ট্রাকশনের ব্যবস্থাপক বাবুল মিয়া বলেন, ‘প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় আমরা এ কাজ আর করব না।’স্থানীয় সংসদ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আবদুল্লাহ আল কায়সার বলেন, ‘কাজ শুরুর কিছুদিন পর ঠিকাদারি প্রতিষ্ঠানটি অর্থ বরাদ্দ কম থাকার অজুহাত তোলে এবং একপর্যায়ে কাজ বন্ধ করে চলে যায়। অনেক চেষ্টা করেও কাজটি নতুন করে শুরু করতে পারছি না। তবে চেষ্টা চলছে।’ সোনারগাঁ নাগরিক কমিটির সভাপতি এ টি এম কামাল বলেন, ‘আর কত মানুষের প্রাণ গেলে সরকার এ ফুটওভারব্রিজটি নির্মাণ করবে? ঈদের পর থেকে স্থানীয়দের নিয়ে লাগাতার আন্দোলন শুরু হবে। যত দিন এর নির্মাণকাজ শেষ না হবে তত দিন আন্দোলন চলবে।’ নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ফুটওভারব্রিজটির নির্মাণকাজ শেষ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কবে নাগাদ কাজ শুরু করা যাবে তা বলা যাচ্ছে না।’