উড়ালসড়ক ও আবাসনসহ ৭ প্রকল্পে বাংলাদেশ-মালয়েশিয়ার সমঝোতা
বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে ঢাকা ও এর আশপাশে সাতটি বড় প্রকল্পে যৌথ বিনিয়োগের বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) হয়েছে। এর মধ্যে ছয়টি প্রকল্প হবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে এবং একটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে। এসব প্রকল্প বাস্তবায়নে প্রায় সাড়ে ২৬ হাজার কোটি টাকা খরচ হবে।গতকাল বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলা হয়। বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং মালয়েশিয়া সরকারের প্রতিনিধিদলের যৌথ উদ্যোগে ওই সমঝোতা সই হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পবাসীর জন্য প্রায় এক হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে বহুতল আবাসিক ভবন তৈরি, উত্তরা ফ্ল্যাট প্রকল্পে ১৬১টি ১৬ তলা ভবন নির্মাণ, কামরাঙ্গীরচরে দুস্থদের জন্য ফ্ল্যাট, জিরো পয়েন্ট থেকে ঝিলমিল পর্যন্ত ১১ কিলোমিটার উড়ালসেতু, মিরপুর ৯ নম্বরে ১৫ হাজার ফ্ল্যাট নির্মাণ ও বংশী-ধামরাই স্যাটেলাইট সিটি। ব্রিফিংয়ে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেন, উন্নয়নকাজে সহায়তা দিতে মালয়েশিয়া সরকারের বিশেষ দূত (মন্ত্রী) ডাটু সেরি এস সামি ভেলুসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে। এসব প্রকল্পের বাস্তবায়ন হলে ঢাকা ও চারপাশের যানজট নিরসন, আবাসন সমস্যা কমে আসাসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের উন্নতি ঘটবে। সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে মিল রয়েছে বলেই এসব প্রকল্প বাস্তবায়নে সুবিধা হবে।ব্রিফিংয়ে উপস্থিত মালয়েশিয়া সরকারের বিশেষ দূত (মন্ত্রী) ডাটু সেরি এস সামি ভেল বলেন, বিভিন্ন প্রকল্প ঘুরে পর্যালোচনর ভিত্তিতে মালয়েশিয়া সরকার নীতিগতভাবে এগুলো বাস্তবায়নে রাজি হয়েছে। সংবাদ সম্মেলনে সাংসদ আসলামুল হক, গৃহায়ণ ও গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন, রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির উদ্দিন আহমেদ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রমুখ উপস্থিত ছিলেন।