ঢাকার যানজট নিরসনে উড়ালসড়ক নির্মাণে ইটালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানিকে নির্বাচন করেছে বাংলাদেশ সেতু বিভাগ। শিগগিরই এই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি হবে।আগামী তিন মাসের মধ্যেই উড়ালসড়কের নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। গতকাল শনিবার বনানীর সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতালি ও থাইল্যান্ডের যৌথ বিনিয়োগে গঠিত ‘ইটাল-থাই কোম্পানি’টি ‘আই’ ও ‘বক্স’ দুভাবে উড়ালসড়ক নির্মাণের প্রস্তাব দিয়েছে। ‘আই’ প্রকৃতির উড়ালসড়ক নির্মাণে খরচ হবে সাত হাজার ৭৬৬ কোটি টাকা এবং বক্স প্রকৃতির হলে খরচ পড়বে আট হাজার ৭০৩ কোটি টাকা। রাজধানীর মহাখালীর ফ্লাইওভারটি ‘বক্স’ প্রকৃতির এবং খিলগাঁওয়েরটি ‘আই’ পদ্ধতির।সংবাদ সম্মেলনে উড়ালসড়ক নির্মাণে আহ্বান করা দরপত্র মূল্যায়নে গঠিত বিশেষজ্ঞ কমিটির আহ্বায়ক জামিলুর রেজা চৌধুরী জানান, কোন পদ্ধতিতে উড়ালসড়ক হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। পর্যালোচনা করে দেখা হচ্ছে। জামিলুর রেজা চৌধুরী আরও জানান, ২৬ কিলোমিটারের এই উড়ালসড়কের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যেতে কার ও মাইক্রোবাসকে ১২৫ টাকা টোল দিতে হবে। বাসের টোল দ্বিগুণ, আড়াই শ টাকা। শ্রেণীভেদে ট্রাকের জন্য টোল হবে ৫০০ থেকে ৭৫০ টাকা। চালু হওয়ার তিন বছর পর মূল্যস্ফীতি বিবেচনায় এনে টোল বাড়ানো হতে পারে। টোলের ২৫ শতাংশ সরকার পাবে এবং বাকিটা পাবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান। সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, উড়ালসড়কের জন্য জমি ও পুনর্বাসন ব্যয় বহন করবে সরকার। এর বাইরে উড়ালসড়ক নির্মাণ ব্যয়ের ২৭ ভাগ সরকার বহন করবে এবং ৭৩ ভাগ ব্যয় করবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইটাল-থাই। এদিকে, সম্প্রতি সংবাদ সম্মেলন করে সিকদার রিয়েল এস্টেট-কেসিসি (বাংলাদেশ কোরিয়া যৌথ) উড়ালসড়ক নির্মাণের দরপত্র প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল। কোম্পানিটির আরও অভিযোগ ছিল, ইটাল-থাইয়ের সঙ্গে যোগাযোগমন্ত্রীর সখ্য রয়েছে এবং দরপত্র মূল্যায়নে গঠিত কমিটিও পক্ষপাত করেছে।এই বিষয়ে প্রশ্ন করা হলে যোগাযোগমন্ত্রী সখ্য থাকার কথা নাকচ করে বলেন, মূল্যায়ন-প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে।দরপত্র মূল্যায়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন সেতু বিভাগের সচিব। অন্য সদস্যদের প্রভাবিত করার জন্যই এটা করা হয়েছে কি না—প্রশ্ন করা হলে যোগাযোগমন্ত্রী বলেন, কাজটি দ্রুত করার জন্যই সচিবকে কমিটিতে রাখা হয়েছে।জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘সচিব থাকলে কমিটির অন্য সদস্যরা প্রভাবিত হবেন, এটা আমি বিশ্বাস করি না। বরং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা সহায়ক হয়েছে।’বিশেষজ্ঞ কমিটির আরেক সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামছুল হক স্বাধীনভাবে কাজ করার কথা জানিয়ে বলেন, মূল উড়ালসড়ক হবে ২১ কিলোমিটার। বাকি পাঁচ কিলোমিটার বিভিন্ন সড়কের সঙ্গে সংযোগের জন্য করা হবে। কুড়িল, বনানী, মগবাজারসহ পাঁচটি স্থানে উড়ালসেতু থেকে গাড়ি নামতে পারবে এবং টোল দিয়ে অন্য গাড়ি উঠতে পারবে। বিমানবন্দর থেকে শনির আখড়ার কুতুবখালি পর্যন্ত উড়াল সড়ক তৈরি হবে। সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সিকদার-কেসিসিকে বাদ দেওয়ার বিষয়ে বলেন, সেতু বিভাগ উড়ালসড়ক নির্মাণে বিনিয়োগকারী নির্বাচনে সাতটি মানদণ্ড ঠিক করে দিয়েছিল। আগ্রহী বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে প্রতিটি মানদণ্ডে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর এবং সবগুলো মিলিয়ে ১০০ নম্বরের মধ্যে কমপক্ষে ৮০ নম্বর পেলেই পরবর্তী মূল্যায়নে যোগ্য বলে বিবেচিত হবে বলে উল্লেখ ছিল। কিন্তু সিকদার তিনটি মানদণ্ডে ৬০ শতাংশ নম্বর পায়নি এবং সব মিলিয়ে পেয়েছে ৬৫ দশমিক ২০ শতাংশ। এ জন্য তাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ইটাল-থাই কোম্পানি সাতটি মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সব মিলিয়ে ৮৮ নম্বর পায়।