উড়ালসড়কে উল্টে গেল প্রিজন ভ্যান
মগবাজার-তেজগাঁও উড়ালসড়কে গতকাল শুক্রবার ২৪ জন বন্দীসহ একটি প্রিজন ভ্যান উল্টে এক পাশে কাত হয়ে যায়। এই দুর্ঘটনায় প্রিজন ভ্যানের চালক মো. কামাল আহত হয়েছেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ব্রেক ফেল হয়ে গাড়িটি উল্টে গেছে।
বেলা ১১টার পরে এই দুর্ঘটনার পর প্রিজন ভ্যানটি উড়ালসড়কে উল্টে থাকায় একাংশ দিয়ে ঘণ্টা খানেক যানবাহন চলাচল বন্ধ ছিল। ভ্যানে থাকা বন্দীদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। ভ্যান থেকে বন্দীদের উদ্ধার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেওয়া হয়। পরে আরেকটি প্রিজন ভ্যানে করে তাঁদের সেখান থেকে গাজীপুরে কাশিমপুর কারাগারে নেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল তেজগাঁওয়ে আদর্শ উচ্চবিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এটি নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি দুর্ঘটনা।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলমের ভাষ্য, প্রিজন ভ্যানটি ছিল ঢাকা জেলা পুলিশের। ২৪ জন বন্দীকে নিয়ে প্রিজন ভ্যানটি কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে যাচ্ছিল। মগবাজার উড়ালসড়ক থেকে নামার সময় তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় প্রিজন ভ্যানটি দুর্ঘটনায় পড়ে। পরে বন্দীদের তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেওয়া হয়।
দুর্ঘটনায় প্রিজন ভ্যানের চালক মো. কামাল হাত-পায়ে আঘাত পেয়েছেন জানিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, প্রিজন ভ্যানে থাকা ২৪ জন বন্দীর সবাই সুস্থ আছেন। দুজন বন্দীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার কয়েক ঘণ্টা পর আরেকটি প্রিজন ভ্যানে করে সব বন্দীকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
ওসি বলেন, ‘প্রিজন ভ্যানের চালক আমাদের বলেছেন, ব্রেক ফেল হওয়ায় এটি উল্টে যায়। আমরাও ভ্যানটি পরীক্ষা করে এ ধারণা পেয়েছি। তারপরও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’