উড়ালসড়কে একটি গাড়ি বিকল, রাজধানীতে যানজট
রাজধানীর তেজগাঁও-বিজয় সরণি উড়ালসড়কে একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সময়মতো গন্তব্যে পৌঁছানো নিয়ে অফিসগামী যাত্রীদের অনেকেই বিপাকে পড়েন। তবে ট্রাফিক বিভাগ বলছে, গাড়িটি সরিয়ে নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
আজ রোববার সকাল ১০টার পর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে বিজয় সরণির দিকে যাওয়ার সময় উড়ালসড়কে ব্যক্তিগত একটি গাড়ি বিকল হয়ে যায়।
তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার শোভন চন্দ্র হোড় প্রথম আলোকে বলেন, মাঝ রাস্তায় হঠাৎ করে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় চারপাশে তীব্র যানজট সৃষ্টি হয়। বিজয় সরণিমুখী সড়কগুলোতে এর প্রভাব পড়ে। এ ছাড়া মোহাম্মদপুর, আগারগাঁও, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন সড়কে যানজট ছড়িয়ে যায়।
মোহাম্মদপুর থেকে কারওয়ান বাজারে অফিসে যাওয়ার পথে খামারবাড়ি মোড়ে আধা ঘণ্টারও বেশি সময় আটকে ছিলেন আবু হেনা সুজন। পরে তিনি অলিগলি দিয়ে অনেকটা ঘুরে অফিসে পৌঁছেছেন। শ্যামলী থেকে কারওয়ান বাজারে অফিসে আসার পথে যানজটে পড়েন আবু সাঈদ। তিনি বলেন, আসাদগেটে প্রায় এক ঘণ্টা আটকে ছিলেন।
সহকারী পুলিশ কমিশনার শোভন চন্দ্র হোড় জানান, উড়ালসড়কের ওপর থেকে গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে। যানজট পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে।