উড়ালসড়কে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ীতে মেয়র হানিফ উড়ালসড়কের ওপর গতকাল সোমবার নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মো. সেলিম (৩০) প্রেস ব্যবসায় যুক্ত ছিলেন।

নিহত সেলিমের বড় ভাই আফতাব আলম বলেন, গতকাল বেলা পৌনে ১১টার দিকে বাসা থেকে মেয়র হানিফ উড়ালসড়ক দিয়ে যাত্রাবাড়ীর দিকে যাওয়ার পথে উড়ালসড়কের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান সেলিম। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর ১২টার দিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তাঁদের বাসা সূত্রাপুরের কাঠের পুল এলাকায়। নিহত সেলিম দুই ছেলের বাবা। ছাপাখানার পাশাপাশি পুরোনো মেশিনারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

যাত্রাবাড়ী থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।