উড়ালসড়কের তলায় আস্তাবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবাজার এলাকায় মেয়র হানিফ উড়ালসড়কের নিচে বিভাজকের ওপর অবৈধভাবে গড়ে উঠেছে ঘোড়ার আস্তাবল। পাশেই প্রধান সড়কের অনেকটা জায়গা দখল করে রাখা হয়েছে ঘোড়ার গাড়ি। ছবিটি গত রোববার সকালের l প্রথম আলো
বঙ্গবাজার এলাকায় মেয়র হানিফ উড়ালসড়কের নিচে বিভাজকের ওপর অবৈধভাবে গড়ে উঠেছে ঘোড়ার আস্তাবল। পাশেই প্রধান সড়কের অনেকটা জায়গা দখল করে রাখা হয়েছে ঘোড়ার গাড়ি। ছবিটি গত রোববার সকালের l প্রথম আলো

মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের নিচের অংশ এখন ঘোড়ার আস্তাবলে পরিণত হয়েছে। পুরান ঢাকার আনন্দ বাজার ও বঙ্গবাজার প্রান্তে অবৈধভাবে গড়ে উঠেছে অর্ধশতাধিক ঘোড়ার আস্তাবল। এতে ছড়ানো-ছিটানো ঘোড়ার বিষ্ঠার প্রকট দুর্গন্ধে চলাচল করা দায়। অথচ কোনো ব্যবস্থা নিচ্ছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
এই উড়ালসড়কের নিচের সড়কের দুপাশে রাখা হচ্ছে ২০ থেকে ২৫টি ঘোড়ার গাড়ি। পৃথক স্থানে রাখা হয়েছে দুটি ময়লার কনটেইনার। চলছে ইট ও বালুর ব্যবসা। এতে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এসব ঘোড়ার গাড়ি গুলিস্তান থেকে সদরঘাট সড়কে চলাচল করে। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গাড়ি ভাড়া দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, ওই আস্তাবলেই ঘোড়াগুলোকে গোসল করানো করা হয়। তখন পানি কাদা ও ঘোড়ার বিষ্ঠা চারপাশে ছড়িয়ে পড়ে। পচে দুর্গন্ধ ছড়ায়। এলাকার পরিবেশ দূষিত করে তোলে। দুর্গন্ধে পথচারীদের অস্বস্তি হয়, বিশেষ করে আশপাশের মার্কেটগুলোর ব্যবসায়ীদের প্রচণ্ড ভোগান্তি হচ্ছে। উপরন্তু তাদের বেচাকেনাও কমে গেছে। এ ছাড়া ঘোড়ার গাড়ি রাখায় সড়কে দিনভর লেগে থাকে যানজট। এই এলাকাটি ডিএসসিসির ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
গত রোববার সরেজমিনে দেখা যায়, আনন্দবাজারের পশ্চিম সীমানা থেকে বঙ্গবাজারের বঙ্গ হোমিও কমপ্লেক্স পর্যন্ত মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে রয়েছে এসব অবৈধ আস্তাবল। এখানেই ঘোড়া গোসল ও খাবার দেওয়া হচ্ছে। এতে সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ঘোড়ার বিষ্ঠা থেকে প্রকট দুর্গন্ধ ছড়াচ্ছে। নাকমুখ চেপে চলাচল করছেন পথচারীরা। এর মধ্যেই পৃথক স্থানে রয়েছে দুটি ময়লার কনটেইনার। এগুলোতে আনন্দবাজারের মুরগির বিষ্ঠাসহ বর্জ্য ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধের মাত্রা আরও কয়েক গুণ বেড়েছে। এ ছাড়া ফ্লাইওভারের নিচে দুপাশের সড়কের অর্ধেকজুড়ে সারিবদ্ধভাবে রাখা রয়েছে ঘোড়ার গাড়ি। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
নাক-মুখ চেপে আনন্দবাজারের সামনে দিয়ে হেঁটে বঙ্গবাজার যাচ্ছিলেন চানখাঁরপুলের বাসিন্দা শফিউল আলম। তিনি বলেন, ব্যবসার কাজে দিনে কয়েকবার এই পথে চলাচল করতে হয়। কিন্তু আনন্দবাজারের সামনে গেলেই মন খারাপ হয়ে যায়। ঘোড়ার বিষ্ঠার দুর্গন্ধে অসুস্থ হওয়ার উপক্রম হয়। বাতাসে রোগজীবাণু ছড়িয়ে পড়ে। বর্ষার মৌসুমে এই দুর্ভোগ আরও বাড়বে। বঙ্গ হোমিও কমপ্লেক্সের ব্যবসায়ী আমিরুল ইসলাম বলেন, গত কয়েক বছর ধরে এই ঘোড়ার আস্তাবল তৈরি হয়েছে। এতে মার্কেটে দুর্গন্ধে ব্যবসা করা যাচ্ছে না। আগের তুলনায় বেচাবিক্রিও অনেক কমে গেছে। অথচ ডিএসসিসি ও ফ্লাইওভার নির্মাতা প্রতিষ্ঠান কোনো ব্যবস্থা নিচ্ছে না।
গত রোববার সকাল নয়টায় বঙ্গ হোমিও কমপ্লেক্সের সামনে সড়কে দুটি ঘোড়াকে গোসল করাচ্ছিলেন মালিক মোস্তাকিম। সড়কে ঘোড়া রাখা ও গোসলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতার অনুমতি নিয়ে তাঁরা এখানে ঘোড়া রাখেন। এ জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণের টাকা দিতে হয়। তবে ওই নেতার বিস্তারিত পরিচয় দেননি তিনি।
নাগরিকদের দুর্ভোগের কথা স্বীকার করে ডিএসসিসির ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, গত দুই মাস আগে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে সব ঘোড়ার গাড়ি সরানো হয়েছিল। কিন্তু কয়েক দিন পর তা আবার ঘোড়ার দখলে চলে যায়৷ শিগগিরই আবার অভিযান চালানো হবে৷