উড়ালসড়কের দায়িত্ব নিতে চান না কেউই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহদ্দারহাট উড়ালসড়কের নতুন প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী হাসান বিন শামসকে চিঠি দেওয়া হয়েছে। তবে তিনি লিখিতভাবে এ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন।সূত্র জানায়, এই প্রকল্পের পরিচালকের দায়িত্ব নেওয়ার জন্য একাধিক প্রকৌশলীকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু কেউই এ দায়িত্ব নিতে রাজি নন।গতকাল বুধবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী এক চিঠিতে কাজী হাসান বিন শামসকে নতুন এ দায়িত্ব দেন। কিন্তু প্রধান প্রকৌশলীর কাছে লেখা ফিরতি চিঠিতে তিনি বলেন, ইতিপূর্বে একজন নির্বাহী প্রকৌশলী ওই প্রকল্পের পরিচালক ছিলেন। ফলে ওই পদের কাউকে এ দায়িত্ব দেওয়া যায়। দায়িত্ব পালন না করার পক্ষে যুক্তি হিসেবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, শিগগিরই চিকিৎসার জন্য তিনি ভারতে যাবেন।সূত্র জানায়, এই প্রকল্পের পরিচালক হওয়ার জন্য একাধিক প্রকৌশলীকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু কেউই এ দায়িত্ব নিতে চান না। প্রকল্পের কাজ শেষ করার চেয়ে মামলার আসামি হওয়ার ভয়ই এ ক্ষেত্রে বেশি কাজ করছে বলে প্রকৌশলীরা জানান।কাজী হাসান বিন শামস প্রথম আলোকে বলেন, ‘এত দিন যোগ্যতা যাচাই না করে ইচ্ছেমতো লোকজন দিয়ে কাজ করা হয়েছে। এখন মামলার আসামি হওয়ার সময় হয়েছে দেখে আমাকে ডাকা হচ্ছে। আমি সেই দায় নেব না।’এ ব্যাপারে প্রধান প্রকৌশলী কোনো মন্তব্য করেননি।গত শনিবার গার্ডার ধসে পড়ার পর প্রকল্প পরিচালক এ এ এম হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।এদিকে গত শনিবার বহদ্দারহাটে উড়ালসড়কের গার্ডার ভেঙে পড়ার পর গতকাল বুধবার প্রথমবারের মতো চউক ভবনে কাজ শুরু করেছেন চেয়ারম্যান আবদুচ ছালাম। বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, বহদ্দারহাট উড়ালসড়কের কাজ সঠিক সময়ে শেষ করতে তিনি বদ্ধপরিকর। তবে তদন্ত চলাকালে এ কাজ বন্ধ থাকবে।উড়ালসড়কের গার্ডার ধসে পড়ার ঘটনা তদন্তে তিনটি কমিটি গঠন করা হলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো কমিটি কাজ শুরু করেনি বলে জানা গেছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে কমিটি গঠন করেছে, তার সদস্যদের নামের তালিকাই প্রস্তুত হয়নি।এ ব্যাপারে আবদুচ ছালাম বলেন, গণপূর্ত কিংবা সড়ক ও জনপথ বিভাগের লোকজনকে তালিকাভুক্ত করতে কিছুটা সময় লাগছে।