উড়ালসড়কের নির্মাণসামগ্রী রাখার ভাড়া মাফের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড়ালসড়কের (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণসামগ্রী রাখার জন্য ব্যবহার করতে চাওয়া জমির যে ভাড়া চেয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন), তা মওকুফের অনুরোধ জানিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগ। যোগাযোগ মন্ত্রণালয়ের সূত্র জানায়, বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে দক্ষিণখান মৌজায় বেসামরিক বিমান কর্তৃপক্ষের ১৫ একর জমি আছে। ওই জমিতে প্রকল্প সময়ের (সাড়ে তিন বছর) জন্য উড়ালসড়কের নির্মাণসামগ্রী রাখার অনুমতি চেয়েছে সেতু বিভাগ। কিন্তু এর জন্য প্রতি বর্গফুট জায়গা ৩০ টাকা হারে ভাড়া চায় সিভিল এভিয়েশন। এ হিসাবে প্রকল্প সময়ের জন্য ওই জমির ভাড়া পড়বে প্রায় সাড়ে সাত কোটি টাকা। সেতু বিভাগ এই ভাড়া মওকুফ চেয়ে গত ১৪ আগস্ট চিঠি দেয় সংস্থাটিকে।৩২ কিলোমিটার (সংযোগসহ) দীর্ঘ ঢাকা উড়ালসড়ক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল, বনানী, মহাখালী, সাতরাস্তা, মগবাজার ও কমলাপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে গিয়ে শেষ হবে। এ ছাড়া দুটি উড়াল সংযোগ সড়ক হবে। এর একটি পলাশী থেকে কাঁটাবন, সোনারগাঁও হোটেল হয়ে মগবাজার রেলক্রসিংয়ে এবং অপরটি মানিক মিয়া এভিনিউ থেকে ফার্মগেট হয়ে তেজগাঁও গিয়ে মূল উড়ালসড়কে যুক্ত হবে।মন্ত্রণালয় সূত্র আরও জানায়, এ অবস্থায় সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ১৪ আগস্ট চিঠি দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিবের কাছে। চিঠিতে বলা হয়, ঢাকার যানজট নিরসনে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সেতু কর্তৃপক্ষ সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে ঢাকা উড়ালসড়কের কাজ শুরু করেছে। এ ব্যাপারে গত ১৯ জানুয়ারি ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানির সঙ্গে চুক্তি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ এপ্রিল এ কাজের উদ্বোধন করেন।চিঠিতে আরও বলা হয়, এটি সরকারের সর্বাধিক অগ্রাধিকারপ্রাপ্ত জাতীয় প্রকল্প। এ প্রকল্পের নির্মাণকালীন স্টেকইয়ার্ড হিসেবে ওই জায়গা প্রয়োজন। আর দুটিই সরকারি প্রতিষ্ঠান হওয়ায় ভাড়া মওকুফের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। নির্মাণকালীন ওই জায়গা সেতু কর্তৃপক্ষ ব্যবহার করলেও মালিকানা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষেরই থাকবে। কাজ শেষ হলে যথারীতি এটি বিমান কর্তৃপক্ষই পাবে। চিঠিতে ভাড়া মওকুফ করে জায়গাটি ব্যবহারের অনুমতি দিতে বিমান মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়।জানতে চাইলে সেতু বিভাগের সচিব প্রথম আলোকে বলেন, ভাড়া মওকুফের জন্য চিঠি পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, তাঁরা প্রকল্পের স্বার্থে জায়গাটি ব্যবহার করতে দেবেন। বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, কাজটি সরকারি উদ্যোগে হলেও তা করবে বেসরকারি উদ্যোক্তারা। ফলে এখান থেকে একটি সরকারি প্রতিষ্ঠান কিছু অর্থ ভাড়া হিসেবে পেতে পারে। আট হাজার ৭০৩ কোটি টাকার কাজে জমির ভাড়া হিসেবে সাত-আট কোটি টাকা দেওয়া কঠিন বিষয় নয়।যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চার লেনের উড়ালসড়কের নির্মাণকাজ ২০১৩ সালের ডিসেম্বরে শেষ হবে। এর স্থায়িত্ব ধরা হয়েছে ১০০ বছর। উড়ালসড়ক নির্মাণে জমি দেবে বাংলাদেশ সরকার। দুই কিস্তিতে প্রকল্পের মোট ব্যয়ের ২৭ শতাংশ অর্থাৎ দুই হাজার ২৫৮ কোটি টাকাও বহন করবে সরকার। উড়ালসড়কের ২৫ বছর পর্যন্ত মাশুল আদায় ও যাবতীয় রক্ষণাবেক্ষণ করবে ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানি। এরপর সড়কটি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।