উড়ালসড়কের সঙ্গে ড্রেনেজ লাইনের গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উড়ালসড়ক ​নির্মাণস্থলেই ড্রেনেজ লাইনের জন্য তৈরি করা হয়েছে এ ধরনের গর্ত । মালিবাগ বাজার এলাকা থেকে গতকাল তোলা ছবি l হাসান রাজা
উড়ালসড়ক ​নির্মাণস্থলেই ড্রেনেজ লাইনের জন্য তৈরি করা হয়েছে এ ধরনের গর্ত । মালিবাগ বাজার এলাকা থেকে গতকাল তোলা ছবি l হাসান রাজা

মালিবাগ রেলগেট থেকে চৌধুরীপাড়া আবুল হোটেল এলাকা পর্যন্ত যানবাহন ও পথচারী চলাচল এখন প্রায় দুঃসাধ্য। একে তো উড়ালসড়ক নির্মাণের কারণে প্রায় দুই বছর ওই এলাকায় চলাচল করা কষ্টকর, তার ওপর এখন আবার সেখানে ড্রেনেজ লাইনের জন্য চওড়া গর্ত করায় জনদুর্ভোগ চরমে উঠেছে। গত তিন দিনের বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
গতকাল শুক্রবার এলাকায় গিয়ে এই জনদুর্ভোগ চোখে পড়ে। খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১৫ দিন আগে উড়ালসড়কের পাশে ড্রেনেজ লাইনের জন্য গর্ত খোঁড়ার পর প্রথমে ফেলে রাখা হয়। পরে রড বাঁধাই করে রাখা হয়েছে বিপজ্জনক ও খোলা অবস্থায়। বর্তমানে কয়েক মিটার পর বড় বড় গর্ত রয়েছে। যানবাহন তো বটেই, পথচারী চলাচলেও নিরাপত্তা নেই।
‘মগবাজার-মৌচাক সমন্বিত ফ্লাইওভার’-এর শান্তিনগর থেকে পূর্ব রামপুরা অংশ নির্মাণের কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বরে। কিন্তু এ সময়ে চালু হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিচ্ছে। বাস্তবে প্রায় দুই বছর আগে এর কাজ ধরা হয়। ৩ দশমিক ৯৩৭ কিলোমিটার দীর্ঘ এই অংশ নির্মাণে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা খরচ করা হচ্ছে।
মালিবাগ বাজারে একটি মনিহারি দোকানের ব্যবস্থাপক রমিজ উদ্দিন ক্ষোভের সঙ্গে বলেন, দিনে দিনে দুর্ভোগের মাত্রা আরও বাড়ছে। এত দিন চলেছে উড়ালসড়ক নির্মাণজনিত ভোগান্তি, এখন শুরু হয়েছে রাস্তা খোঁড়াখুঁড়ি করা এবং পরে গর্ত খোলা অবস্থায় রাখা। এলাকাবাসী জানেন না, খোঁড়াখুঁড়ির কাজ করেছে ঠিক কোন কর্তৃপক্ষ। কারণ, উড়ালসড়কের লোকজনকে জিজ্ঞেস করলে তাঁরা কোনো জবাব দেন না।
এলাকার আরও কয়েকজন দোকানি ও বাসিন্দার সঙ্গে আলাপ করে জানা যায়, এখানে ড্রেনেজ লাইন কারা করছে, এ প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে তাঁদের কেউ শুনেছেন সিটি করপোরেশন, কেউ শুনেছেন ঢাকা ওয়াসা।
এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৩ নম্বর ওয়ার্ডের। যোগাযোগ করা হলে ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ বলেন, অনেকেই অভিযোগ করছেন, এই ড্রেনেজ লাইন নির্মাণ করছে সিটি করপোরেশন। কিন্তু এটা সত্য নয়। যারা উড়ালসড়ক নির্মাণ করছে, তারাই ড্রেনেজ লাইন নষ্ট করেছে। এখন আবার তারাই রাস্তা খুঁড়েছে। তিনি বলেন, বিষয়টি নগর ভবনে জানানো হয়েছে।
ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী এ কে এম শহীদউদ্দিন বলেন, অনেকের ধারণা, ওয়াসা এ কাজটি করছে। কিন্তু ওই এলাকায় ওয়াসা বর্তমানে এ ধরনের কোনো কাজ করছে না।
খোঁজ নিয়ে জানা যায়, উড়ালসড়ক নির্মাণ করতে গিয়ে এলাকার অনেক স্থানেই ড্রেনেজ লাইন ফেটে যায়। যেটা নির্মাণের আগে সমীক্ষা করে বের করা হয়নি। ফলে এখন তারা নতুন করে আবার ড্রেনেজ লাইনের জন্য খোঁড়াখুঁড়ি করছে। তবে উড়ালসড়ক চালুর আগে ড্রেনেজ লাইন চালু হবে না।
চৌধুরীপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবদুল রকিব বলেন, যানজট নিরসনের জন্য এই উড়ালসড়ক নির্মাণ করা হচ্ছে, চালু হওয়ার পর হয়তো যানজট কমবে। কিন্তু বর্তমানে যে দুর্ভোগ, তা যেন অনেকটা ইচ্ছাকৃত। তিনি বলেন, শোনা যাচ্ছে, মাটির নিচে অনেক সেবা সংস্থার লাইন এখনো রয়েছে। এগুলো আগেই দেখা উচিত ছিল। এলাকাবাসী বলেন, উড়ালসড়ক নির্মাণকাজ কবে শেষ ও চালু হবে, তার জন্য এ ধরনের ভোগান্তির মধ্যে বছরের পর বছর পার করতে হচ্ছে।
উড়ালসড়ক প্রকল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত কয়েকজন কর্মকর্তা বলেন, ডিসেম্বরে উড়ালসড়কের এই অংশ চালু করার জোর চেষ্টা চলছে। প্রকল্পটি সময়মতো শেষ না হওয়া বা বিলম্বিত হওয়ার বিশেষ কিছু কারণ বা প্রতিবন্ধকতা রয়েছে, যেগুলো দূর করতে বিষয়টিকে তাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হয়েছে। আবার কিছু ক্ষেত্রে আপসও করতে হয়েছে।
ওই কর্মকর্তারা বলেন, বিভিন্ন সেবা সংস্থা তাদের মাটির নিচের লাইনগুলো সম্পর্কে যে তথ্য দিয়েছে, তার সঙ্গে বাস্তবতার অনেক অমিল ছিল। মাটির নিচে যেসব স্থানে পাইপ, তার বা কেব্ল রয়েছে বলে বলা হয়েছে, সেখানে মাটি খুঁড়ে সেগুলোর অস্তিত্ব পাওয়া যায়নি। এসব লাইন এবং নতুন জায়গা খুঁজে পেতে অনেক শ্রম ও সময় চলে গেছে। দীর্ঘ এই উড়ালসড়ক এলাকার মাটির নিচে জালের মতো ছড়িয়ে ছিল বিদ্যুৎ, পানি, গ্যাস এবং টেলিফোন লাইন।