উড়ে আসা টিন কেড়ে নিল পথচারীর প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসখানেক আগে বেসরকারি একটি ব্যাংকের হিসাব বিভাগে কর্মকর্তা পদে যোগ দেন রাসেল দাশ (২৬)। তাঁর কর্মস্থল খুলনায়। ছুটি নিয়ে চট্টগ্রামের পটিয়া উপজেলায় নিজ বাড়ি ফিরছিলেন তিনি। তাঁর জন্য মা ছাড়াও বাড়িতে অপেক্ষায় ছিলেন সদ্য বিদেশফেরত বড় ভাই শিমুল দাশ। কিন্তু ঘরে ফেরার পথে এক মিনিটের ঝড়ের কবলে পড়েন তিনি। উড়ে আসা টিনের চালার নিচে চাপা পড়ে প্রাণ হারান রাসেল।

গতকাল শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম নগরের মেরিনার্স সড়কের ফিশারিঘাট এলাকায় এক মিনিটের ঝোড়ো হাওয়ায় উড়ে আসা টিনের চালার আঘাতে নিহত হন রাসেল। একই ঘটনায় আহত হন আরও দুই পথচারী। ঝোড়ো হাওয়ায় পাঁচটি ঘরের টিনের চালা উড়ে গিয়ে অন্তত ২০০ গজ দূরে পড়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাসেলের মামা সাধন চন্দ্র দে প্রথম আলোকে বলেন, খুলনা থেকে রাতের গাড়িতে করে গতকাল সকালে চট্টগ্রামে পৌঁছান তাঁর ভাগনে। এরপর অন্য গাড়িতে করে ফিশারিঘাটে যান রাসেল। সেখান থেকে হেঁটে পটিয়ার বাস ধরতে নতুন ব্রিজের (তৃতীয় কর্ণফুলী সেতু) দিকে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়েন। তিনি বলেন, রাসেলের চাচাতো বোনের বিয়েও ছিল আজ (গতকাল)।

রাসেল পটিয়ার ভাটিখাইন এলাকার প্রবাসী রণজিৎ দাশের ছেলে। তিন ভাইয়ের মধ্যে রাসেল মেজ। গত ৯ জুলাই তিনি বাংলাদেশ কমার্স ব্যাংকের খুলনার দৌলতপুর শাখায় অফিসার (ক্যাশ) পদে যোগ দেন। এক মাস পর ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন। চাকরির পাশাপাশি চট্টগ্রাম কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ (স্নাতকোত্তর) থেকে মাস্টার্সের পরীক্ষার্থী ছিলেন তিনি। মূলত পরীক্ষায় অংশ নেওয়া ও মাকে দেখতেই বাড়ি ফিরছিলেন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ট্রাফিক পুলিশের কনস্টেবল আবু তালেব বলেন, পৌনে ১১টার দিকে হঠাৎ প্রচণ্ড বাতাসে মেরিনার্স সড়কের পাশের কয়েকটি ঘরের টিনের চালা উড়ে যায়। টিন এবং ঘরের কাঠামো বেশ কিছুটা দূরে রাস্তার ওপর পড়ে। টিনের নিচে চাপা পড়েন তিন পথচারী। এক মিনিটের এই ঝড় ছিল। আকস্মিক এ ঘটনায় হতভম্ব হয়ে পড়েন সবাই। পরে টিন সরিয়ে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

আহত অপর দুজন হলেন সৈয়দুল হক (৬০) ও আবদুল খালেক (৪০)। তাঁদের মধ্যে সৈয়দুল হক ফিশারিঘাট এলাকায় মাছের ব্যবসা করেন। আবদুল খালেক বোয়ালখালীর বেঙ্গুরা এলাকা থেকে চট্টগ্রাম শহরে একটি কাজে আসছিলেন। দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। মাথায় আঘাত পাওয়া এই দুজনের অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে চিকিৎসক জানান।

গতকাল দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায়, উড়ে আসা ছিন্নভিন্ন টিন রাস্তার পাশে সরিয়ে রাখা হয়েছে। সড়কের পাশের টিনের ঘরগুলো চালা শূন্য। পাঁচটি ঘরের মধ্যে দুটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় লোকজন জানান, পাঁচটি ঘরের একটিতে কয়েকজন শ্রমিক থাকতেন। ঝড়ের সময় তাঁরা ঘরেই ছিলেন। তাঁদের তেমন কোনো ক্ষতি হয়নি। অন্য ঘরগুলোতে কেউ থাকে না।

রাসেলের মৃত্যুসংবাদ পেয়ে হাসপাতালে ভিড় করেন স্বজনেরা। বেলা দুইটার দিকে হাসপাতালের মর্গের সামনে মেঝেতে গড়াগড়ি দিয়ে কান্না করছিলেন বড় ভাই শিমুল দাশ। তিনি বারবার বলছিলেন, ‘তুই কেন এভাবে চলে গেলি? মাকে আমি কী জবাব দেব?’

হঠাৎ এই ঝোড়ো হাওয়া কেন জানতে চাইলে চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমেদ বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের কোথাও কোথাও তীব্র বেগে বাতাস বইছে ও ঝড় হচ্ছে। ফিশারিঘাটে ওরকমই মৌসুমি ঝড় হতে পারে।