উড়ে গেছে ঈদের টিকিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ পথে বাস, ট্রেন কিংবা লঞ্চের টিকিটের মতো হুড়োহুড়ি নেই। বিক্রির জন্য আগে থেকে কোনো ঘোষণাও দেওয়া হয় না। ঈদে ঘরমুখো সচ্ছল ব্যক্তিরাই ভাবতে পারেন, উড়ালপথে পাড়ি দেওয়ার। কিন্তু না! অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজের টিকিটও শেষ!

চাহিদা কেবল রোজার ঈদেই নয়, কোরবানির ঈদের টিকিটও এরই মধ্যে অনেকে কিনে নিয়েছেন। একটি টিকিটের মূল্য কয়েক হাজার টাকা হলেও যাত্রীরা অনলাইনে বুকিং দেওয়ার কাজটি এরই মধ্যে সেরে ফেলেছেন।

চাপ এতটাই বেশি যে, উড়ালপথে দেশের সব বিমান পরিবহন সংস্থার বেশির ভাগ টিকিটই বিক্রি হয়ে গেছে প্রায় মাস খানেক আগে। তবে ঈদের জন্য ২৫, ২৬ ও ২৭ জুলাই উড়ালপথের টিকিট একেবারেই নেই।

ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, বরিশাল, সৈয়দপুর ও রাজশাহীর রুটে তিনটি বেসরকারি বিমান সংস্থা নভো-এয়ার, রিজেন্ট এয়ারওয়েজ ও ইউনাইটেড এয়ারওয়েজ ছোট ছোট উড়োজাহাজে তাদের ফ্লাইট পরিচালনা করে থাকে। এর মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারে কোনো কোনো বিমান সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে থাকে।

রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ বিমান কেবল চট্টগ্রাম ও সিলেট থেকে যাত্রী বহন করে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুট এবং যুক্তরাজ্য থেকে যাত্রী আনা-নেওয়ার পথে সিলেট ও চট্টগ্রামে সুপরিসর উড়োজাহাজ ব্যবহার করে বিমান।

তবে যশোর রুটে টিকিটের চাহিদা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন প্রতিটি বিমান সংস্থার কর্মকর্তারা। টিকিটের মূল্যের সামান্য কিছু হেরফের থাকলেও যাত্রীরা তা লুফে নিয়েছেন। চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের টিকিট বিক্রি আজ-কালের মধ্যে ফুরিয়ে যাবে।

যশোরে টিকিটের মূল্য তিন হাজার টাকায় শুরু হয়েছে। শ্রেণিভেদে যা সর্বোচ্চ আট হাজার টাকায় ঠেকেছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, বরিশাল, সৈয়দপুর ও সিলেটের আকাশপথে টিকিটের মূল্য প্রায় একই রকম।

যশোরের টিকিটের চাহিদা সম্পর্কে নভো-এয়ারের সহকারী ম্যানেজার এ কে এম মাহফুজুল আলম জানান, এই রুটে সড়কপথে যানজট, ফেরি সমস্যা এড়াতেই যাত্রীরা আকাশপথে ঝুঁকছেন। তিনি জানান, ৪৯ আসনের উড়োজাহাজে সপ্তাহে পাঁচ দিন একটি করে ফ্লাইট পরিচালনা করা হয়। ঈদে প্রতিদিন একটি করে ফ্লাইট দেওয়া হতে পারে।

নভো-এয়ারের এক কর্মকর্তা জানান, কেবল রোজার ঈদ নয়, অক্টোবর মাসে কোরবানির ঈদের টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে।

রিজেন্ট এয়ারওয়েজের ব্র্যান্ডিং ম্যানেজার রিয়াজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যাত্রীর চাপ ২৫ জুলাই থেকে শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত থাকবে। তাই আমরা চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ১২৫ আসনের বড় উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করতে পারি।’

রিয়াজুল জানান, অনলাইনে বুকিং করে ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করেন যাত্রীরা। এ ছাড়া বিক্রয়কেন্দ্র এবং ট্রাভেল এজেন্সির মাধ্যমে উড়োজাহাজের টিকিট বিক্রি করা হয়।

বাংলাদেশ বিমানের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ২১, ২২ ও ২৩ জুলাই ঢাকা-সিলেট রুটে টিকিটপ্রতি মূল্য রাখা হবে সর্বনিম্ন চার হাজার টাকা। কিন্তু ২৫, ২৬ ও ২৭ জুলাই তা বেড়ে হবে পাঁচ হাজার টাকা। একইভাবে ২১, ২২ ও ২৩ জুলাই চট্টগ্রামের বিমান টিকিটের দাম পড়বে সাড়ে চার হাজার টাকা। কিন্তু পরের তিন দিন একজন যাত্রী টিকিট কিনতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকায়।  

এদিকে, একাধিক অভ্যন্তরীণ রুটে টিকিট বিক্রি করে—এমন একাধিক ট্রাভেল এজেন্সি কর্মকর্তারা জানান, ঝামেলা এড়াতে এখন অনলাইন কিংবা বিমান সংস্থার বিক্রয়কেন্দ্র থেকেই টিকিট বিক্রি বেশি হয়ে থাকে।