উড়ে যায় নীলকণ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলকণ্ঠ মেলেছে পাখা l ছবি: মো. মারুফ রানা
নীলকণ্ঠ মেলেছে পাখা l ছবি: মো. মারুফ রানা

কারণে-অকারণে টানটান টেনশনে ভোগা এবং উড়ে-ঘুরে চরাচর কাঁপিয়ে চিৎকার-চেঁচামেচি করা এমন পাখি বাংলাদেশে বোধ হয় আর দ্বিতীয়টি নেই। মূলত খোলা মাঠের এই অনিন্দ্যসুন্দর পাখিটির চোখ ভরা রোষ ও ভয় লেগে থাকে সব সময়। ভারি সুন্দর পাখি! উড়লেই মনে হয়, এই মাত্র নীলগোলানো জলে ডুব দিয়ে উঠে এসেছে, নীল জলচ্ছটা যেন ছিটকে যাচ্ছে চারপাশে। এদের শরীরে আছে তিন রকমের নীল রং—হালকা নীল, আকাশি নীল ও গাঢ় নীল। এই তিন রকম রঙের মিশেল এমনভাবে এদের শরীরে মেখে দিয়েছে প্রকৃতি যে, উড়লেই নীলাভ আভা ছড়িয়ে পড়ে চারপাশে। নীলের খেলা ওদের মাথার তালুতে, পাখায় ও লেজে। ঘাড়-গলা-চিবুক ও বুক চকচকে লালচে-বাদামি। হলুদাভ পা, ঠোঁট কালো। ওড়ার সময় লেজের সুবিন্যস্ত ১২টি পালক জাপানি হাতপাখার মতো মেলে ধরে। পাখা দুখানা মাথা ছাড়িয়ে সামনের দিকে প্রসারিত হয়ে যায়।
এদের মূল খাদ্য বিভিন্ন ধরনের পোকা-পতঙ্গ, ঘাসফড়িং, কেঁচো, নির্বিষ সাপের বাচ্চা, বিটল পোকা, ইঁদুরছানা, টিকটিকি প্রভৃতি। উঁচু জায়গায় বসে থাকে, চারপাশে নজর রাখে, অতি সামান্য নড়াচড়াও চোখে পড়ে। শিকার দেখলে দ্রুত বেগে ঝাঁপিয়ে পড়ে। ‘তে-কাঠির ফাঁদে’ একজাতীয় পরগাছার ফল জ্বাল দিয়ে বানানো আঠা দিয়ে ফাঁদ পেতে এদের শিকার করা হয়। এদের ধরা হয় মূলত খাওয়ার জন্য। এটি দণ্ডণীয় অপরাধ।
তুখোড় প্রেমিক এই পাখি প্রজনন মৌসুমে প্রেমিকার দৃষ্টি আকর্ষণের জন্য কত কসরতই না করে! শূন্যে উড়ে-ঘুরে নানান রকম ডিসপ্লে দেখায়। শূন্য থেকে পাখা মুড়ে সুতো কাটা ঘুড়ির মতো পাক খেতে খেতে মাটিতে আছড়ে পড়ার অভিনয় করে।
প্রজনন সময় মূলত শীত-গ্রীষ্ম ও বর্ষাকাল। এককালে মরা তাল-খেজুর-নারকেলগাছের প্রাকৃতিক কোটরে বাসা করত। এখন তো এসব মরা গাছের আকাল। পুরোনো দরদালানের ফোঁকরও দুর্লভ। ডিম পাড়ে তিন-চারটি। ডিম ফুটে ছানা হয় ১৭-২০ দিনে। অকারণেই টেনশন করে এরা। ডিম-ছানা হওয়ার সময় ওদের চেঁচামেচি শোনে কে! বাসার ত্রিসীমানায় কুকুর-বেজি-শিয়াল-খেঁকশিয়াল-মানুষ দেখলেই ডাইভ মারতে থাকবে। চেঁচিয়ে চরাচর মাত করবে। রাতেও বিপদের গন্ধ পেলে উড়ে উড়ে চেঁচাবে। সুন্দর এই পাখিটি সচরাচর দৃশ্যমান পাখি। ঢাকা শহরেও দেখা মিলত। বাংলাদেশ শিশু একাডেমী চত্বরে এক জোড়া পাখি প্রতি মৌসুমেই বাসা করত। ২০০০ সালে বাসা দেখেছিলাম শেষবারের মতো।
পাখিটির ইংরেজি নাম Indian Roller. বৈজ্ঞানিক নাম coracias benghalensis. মাপ ৩৩ সেন্টিমিটার। ওজন ১৬৫ গ্রাম। বাংলা নাম থোড়মোচা, কেওয়া নীলাচঁল ও নীলকণ্ঠ।