উড়ে যেতে পেরেছে এক জোড়া সরালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার গৌরীশঙ্কর গ্রামের মোহাম্মদ আলীর প্রতিপালনে বেড়ে ওঠা চার জোড়া সরালি হাঁসের এক জোড়া উড়ে যেতে পেরেছে। ডিম ফুটে প্রায় আড়াই মাস বয়স হওয়ার পর থেকে কয়েক দিন ধরে ওড়াউড়ি করছিল হাঁসগুলো। এর মধ্যে এক জোড়া হাঁস গত মঙ্গলবার সকালে দল ছেড়ে উড়ে যায়।সন্ধ্যায় আর না ফেরায় প্রতিপালক মোহাম্মদ আলীর আনন্দ যেন আর ধরে না। গতকাল বুধবার সকালে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার কষ্ট সার্থক হইছে। দুইটা উড়ছে, বাকি আছে আর ছয়টা।’উপজেলার নিজপাট ইউনিয়নের গৌরীশঙ্কর গ্রামের একটি টিলার চূড়ায় ছিল সরালি হাঁসের বাসা। মাস তিনেক আগে ডিমে তা দেওয়া অবস্থায় একটি চিল মা সরালি হাঁসকে ছোঁ মেরে নিয়ে যায়। টিলার বাসিন্দা গৃহস্থ মোহাম্মদ আলী এ দৃশ্য দেখে চার জোড়া ডিম ওই বাসা থেকে এনে ঘরের মুরগি দিয়ে তা দেন। দুই সপ্তাহের মাথায় ডিম ফুটে জন্ম নেয় সরালি হাঁসের ছানা। পরম মমতায় ছানাগুলোকে প্রতিপালন করে চলেন মোহাম্মদ আলী (৩৫)। এ নিয়ে ৪ নভেম্বর প্রথম আলোয় ‘সরালি হাঁসের মায়ায়...’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।পাখিবিশেষজ্ঞ শরীফ খান সরালি হাঁস রক্ষায় মোহাম্মদ আলীর এ উদ্যোগকে বিরল বলে অভিহিত করেছেন। তিনি প্রথম আলোকে জানান, সরালির স্বভাব হচ্ছে, লোকালয়হীন জলাভূমিতে বিচরণ। পরিণত বয়সে এরা নিজ থেকেই জলাভূমিতে ফিরবে। মোহাম্মদ আলী আরও জানান, ডিম থেকে বাচ্চা ফোটার পর প্রায় দুই সপ্তাহ এগুলোকে তিনি নানা কৌশলে যত্ন নিয়ে আগলে রেখেছেন। খেতে না চাইলেও মুখে তুলে তিনি খাওয়াতেন এদের। তাঁর প্রতি হাঁসগুলোর একধরনের টান লক্ষ্য করেছেন। এক জোড়া হাঁস উড়ে যাওয়ার আগে তিনি ওই দুটিকে কোলে তুলে খাইয়েছেন।