উড়োজাহাজে গিয়ে কর্মশালায় যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) উদ্যোগে গত মঙ্গলবার যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রিড উপকেন্দ্রে একটি কর্মশালা হয়। কর্মশালায় বক্তব্য দিতে ঢাকা থেকে উড়োজাহাজে করে যশোরে আসেন পিজিসিবির তিন ঊর্ধ্বতন কর্মকর্তা।
পিজিসিবি সূত্র জানায়, কর্মকর্তাদের সার্বিক মূল্যায়নবিষয়ক বার্ষিক গোপনীয় অনুবেদনের (এসিআর) আদলে ২০১২ সালে পারফরম্যান্স অ্যাপ্রাইজাল বুক (গুণগত দক্ষতা বইসংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন ও পর্যবেক্ষণ) চালু করে পিজিসিবি। ওই বছরের জুলাই মাস থেকে অঞ্চলভিত্তিক গ্রিড কর্মকর্তাদের পারফরম্যান্স অ্যাপ্রাইজাল বুক বিষয়ে প্রশিক্ষণ শুরু করে পিজিসিবি। গত বছরের ১০ আগস্ট অনুরূপ একটি কর্মশালা নওয়াপাড়া গ্রিড উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল।
সূত্র জানায়, গ্রিড সার্কেল, খুলনা (খুলনা, বরিশাল ও ফরিদপুর গ্রিড সংরক্ষণ বিভাগ) দপ্তরের উপসহকারী প্রকৌশলী বা কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক পর্যায় থেকে শুরু করে নির্বাহী প্রকৌশলী বা ব্যবস্থাপক পর্যায়ের ৪২ জন কর্মকর্তা মঙ্গলবারের কর্মশালায় অংশ নেন। এর মধ্যে ঢাকা থেকে উড়োজাহাজে করে যশোরে আসেন পিজিসিবির উপদেষ্টা ও কর্মশালার প্রধান বক্তা মো. জামালউল্লাহ, প্রধান প্রকৌশলী (সঞ্চালন-২) মো. কামরুল আহসান ও নির্বাহী প্রকৌশলী (ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর) মোতাহার হোসেন। ওই দিন সকাল ১০টায় কর্মশালা শুরু হওয়ার কথা থাকলেও তিন কর্মকর্তার যশোর বিমানবন্দর থেকে গাড়িতে নওয়াপাড়ায় আসতে দেরি হওয়ায় দুপুর সাড়ে ১২টায় তা শুরু হয়। কর্মশালায় পারফরম্যান্স অ্যাপ্রাইজাল বুক বিষয়ে কর্মকর্তাদের দায়িত্বের বিবরণী, নির্ধারিত কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও তা অর্জন ইলেকট্রনিক পর্দায় উপস্থাপন করা হয়।
সূত্র জানায়, বেলা আড়াইটায় কর্মশালা শেষ হয়। এরপর সবাইকে মধ্যাহ্নভোজ করানো হয়। বেলা সাড়ে তিনটার দিকে তিন কর্মকর্তা যশোর বিমানবন্দরের উদ্দেশে গাড়িতে করে নওয়াপাড়া ত্যাগ করেন। সূত্রমতে, তিন কর্মকর্তার যাতায়াত ও সম্মানী এবং কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের যাতায়াত, অংশগ্রহণ ভাতা, নাশতা ও আনুষঙ্গিক ব্যয় বাবদ লক্ষাধিক টাকা খরচ করা হয়েছে।
জানতে চাইলে পিজিসিবির উপদেষ্টা জামালউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘পারফরম্যান্স অ্যাপ্রাইজাল বুক বিষয়টি ব্যাপক ও বিস্তৃত। সংক্ষেপে তা বোঝানো সম্ভব নয়।’ কর্মশালার বিষয়ে জানতে চাইলে তিনি পিজিসিবির মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে যোগাযোগ করার পরামর্শ দেন। মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের উপমহাব্যবস্থাপক তাজুল ইসলাম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, তিন কর্মকর্তাকে উড়োজাহাজে করে আনার খরচও কর্মশালার ব্যয়ের অন্তর্ভুক্ত। কত টাকা খরচ হয়েছে—জিজ্ঞেস করলে তিনি বলেন, অনেক টাকা খরচ হয়েছে। তবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
নওয়াপাড়া গ্রিড উপকেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী অজিত কুমার বিশ্বাস বলেন, এসিআরের পরিবর্তে পিজিসিবিতে পারফরম্যান্স অ্যাপ্রাইজাল বুক চালু করা হয়েছে। এ ব্যাপারে কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। গত বছর একই বিষয়ে অনুরূপ কর্মশালা নওয়াপাড়ায় হয়েছিল।