উড়োজাহাজের কার্গো হোল থেকে আবার সোনা উদ্ধার
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের মালামাল রাখার স্থান (কার্গো হোল) থেকে আবারও সোনা উদ্ধার করা হয়েছে। শুল্ক গোয়েন্দারা গতকাল বুধবার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ওই উড়োজাহাজে তল্লাশি করে ১৪ কেজি সোনা উদ্ধার করেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল হোসেন প্রথম আলোকে বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে তাঁরা এ অভিযান চালান। উড়োজাহাজের কার্গো হোলের ভেতরে কাপড়ে সেলাই করে সোনার বারগুলো লুকিয়ে রাখা হয়েছিল। তিনি বলেন, উড়োজাহাজের কর্মীদের সহায়তা ছাড়া কার্গো হোলে এভাবে সোনা রাখা সম্ভব নয়। এ ঘটনায় জড়িত বিমান কর্মীদের গ্রেপ্তারে তাঁরা অভিযান চালাচ্ছেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দাবি, গতকাল কার্গো হোল থেকে উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য সাত কোটি টাকা।
এর আগে ২০১৩ সালের ২৪ জুলাই দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি এয়ারবাসের কার্গো হোল থেকে ১২৪ কেজি সোনা উদ্ধার করেছিলেন শুল্ক গোয়েন্দারা। ওই ঘটনায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তদন্ত প্রতিবেদনে এই সোনা পাচারে জড়িত হিসেবে ১০ জন বিমানকর্মীসহ ১৪ জনের নাম আসে। পরে এঁদের সবার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।