ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্যসহ বিভিন্ন দপ্তরে গত দেড় মাসে পাঁচ দফা উড়ো চিঠি এসেছে। প্রেরকের নাম-ঠিকানাবিহীন এসব চিঠি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিব্রতকর অবস্থায় পড়েছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, উপাচার্য, বিভিন্ন বিভাগের প্রধান ও পরিচালকসহ বিভিন্ন কর্মকর্তার কাছে এসব চিঠি পাঠানো হয়েছে। প্রতিটি চিঠিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কাজের সমালোচনা করা হয়। বিশেষ করে চিঠিতে ছাত্রকল্যাণ পরিচালককে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। এসব উড়ো চিঠি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সূত্র জানায়, এসব চিঠির উৎস জানার চেষ্টা চলছে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র জানায়, জামায়াতপন্থী কিছু শিক্ষক ও কর্মকর্তা এসব অপতৎপরতা চালিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছেন। অনেকের ধারণা, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদ দখলের জন্য কেউ কেউ এসব নোংরামি করছেন।অপর একটি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু সিদ্ধান্তের কারণে অসন্তোষের ফলস্বরূপ এ ঘটনা ঘটতে পারে।ছাত্রকল্যাণ পরিচালক নঈম শেখ উড়ো চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য তাঁরা চেষ্টা চালাচ্ছেন। এতে ঈর্ষান্বিত হয়ে একটি সংঘবদ্ধ চক্র এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে। তিনি জানান, কারও কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে তা সরাসরি জানাতে হবে। নঈম শেখ বলেন, ‘আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমি দায়িত্ব ছেড়ে দিতে প্রস্তুত।’এদিকে উড়ো চিঠির পাশাপাশি টেলিফোনে উপাচার্যকে আপত্তিকর কথা বলা হয়েছে বলেও জানা গেছে। সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের এক অধ্যাপকের অফিসের টেলিফোন থেকে উপাচার্যের বাসায় ফোন করে আপত্তিকর কথা বলা হয়। অনুসন্ধান চালিয়ে ওই অধ্যাপকের টেলিফোন থেকে ফোন করার সত্যতা পাওয়া যায়। পরে বিষয়টি নিয়ে শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য। বৈঠকে ওই অধ্যাপককে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা সরাসরি অস্বীকার করেন।উপাচার্য এম সবদার আলী বলেন, বিভিন্ন সময়ে যাঁরা অনৈতিক সুবিধা চেয়ে ব্যর্থ হয়েছেন, তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে উড়ো চিঠি নিয়ে তাঁদের কোনো মাথাব্যথা নেই।