উড়ো চিঠির তদন্ত নিয়ে ঠেলাঠেলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনামি প্রেরকের চিঠিতে একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কেনাকাটায় অনিয়মের অভিযোগ আনা হয়েছে।
বেনামি প্রেরকের চিঠিতে একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কেনাকাটায় অনিয়মের অভিযোগ আনা হয়েছে।

একটি উড়ো চিঠির তদন্ত নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের মধ্যে শুরু হয়েছে রশি টানাটানি। বেনামি প্রেরকের সেই চিঠিতে একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কেনাকাটায় অনিয়মের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ সদর দপ্তর বলছে, অনিয়ম যাই হোক, পুলিশের বিরুদ্ধে অভিযোগের তদন্ত পুলিশই করবে। তা ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত রয়েছে, বেনামি ও ঠিকানাবিহীন চিঠির তদন্ত করা যাবে না। কিন্তু মন্ত্রণালয় তা মানতে নারাজ। তাদের দাবি, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তের এখতিয়ার জেলা ম্যাজিস্ট্রেটের। তাহলে মন্ত্রণালয় কেন পারবে না? এই বিতর্কে দুই পক্ষই আইনের ব্যাখ্যা নিয়ে অন্তত পাঁচ দফা চিঠি চালাচালি করেছে।

যে চিঠি নিয়ে এত আলোচনা, সেটি এসেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। অজ্ঞাত এক ব্যক্তি চিঠিটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছিলেন। সেখান থেকে ২৯ মে তা আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। চিঠিতে অভিযোগ করা হয়, পুলিশের অতিরিক্ত ডিআইজি পদের কর্মকর্তা রেজাউল করিম গত অর্থবছরে পুলিশের বিভিন্ন জিনিসপত্র কেনার মাধ্যমে কোটি কোটি টাকার অনিয়ম করেছেন। তিনি নির্দিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে এসব কিনেছেন নামমাত্র দরপত্রের মাধ্যমে। পুলিশ কর্মকর্তারা বলছেন, পুলিশের যেকোনো কেনাকাটার ক্ষেত্রে একজন সরবরাহকারীকে ছয়টি পৃথক কমিটির মুখোমুখি হতে হয়। কোনো একজন কর্মকর্তার পক্ষে একা কোনো কিছু কেনা সম্ভব নয়। আরেক কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে খারাপ পণ্য সরবরাহের কারণে একটি টেক্সটাইল মিলসহ কয়েকটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়। তারাই এসব অভিযোগ করেছে। উড়ো চিঠির অভিযোগ তদন্তের জন্য যুগ্ম সচিব জাহাঙ্গীর আলমকে প্রধান করে কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর মন্ত্রণালয় এই কমিটির জন্য অতিরিক্ত উপমহাপরিদর্শক পদের একজন কর্মকর্তার নাম দিতে বলে পুলিশ সদর দপ্তরকে। টানাটানি শুরু হয় এরপর ।

পুলিশ সদর দপ্তর থেকে কারও নাম না দিয়ে মন্ত্রণালয়ের তদন্তের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়। বলা হয় এই কমিটি ‘বিভাগবহির্ভূত’। মন্ত্রণালয়ের পুলিশ শাখার দুজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। স্বরাষ্ট্রসচিব পদেও এ কারণে পরিবর্তন আসার গুঞ্জন রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, পুলিশ আইন অনুসারে এ ধরনের অভিযোগ তদন্তের ক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। পুলিশ প্রবিধানে বলা হয়েছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা জেলা ম্যাজিস্ট্রেট তদন্ত করবে। তাহলে সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠন করা কমিটি কেন ‘বিভাগবহির্ভূত কমিটি’ হবে? ওই কর্মকর্তার অভিমত, অতীতে পুলিশ যেসব তদন্ত করেছে, সেগুলো খুবই দুর্বল ছিল। তাঁরা অনেক অভিযোগ পাঠিয়ে দেখেছেন, বেশির ভাগই প্রমাণিত হয় না।

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, ‘শত শত কোটি টাকা কি মুখের কথা? একজন কর্মকর্তা কী করে একা এত টাকার জিনিসপত্র কিনতে পারেন?’ তিনি পাল্টা অভিযোগ করেন, ‘যাঁরা কাজ পাননি তাঁরাই একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন।’

 তাহলে তদন্ত কীভাবে হবে—জানতে চাইলে আইজিপি বলেন, ‘অন্য সব বাহিনীতে কী হয়? তাদের নিজেদের তদন্ত তারা নিজেরাই করে। তাহলে পুলিশের অভিযোগের তদন্ত কেন মন্ত্রণালয় করবে?’ তিনি বলেন, ‘আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাফ জানিয়ে দিয়েছি, মন্ত্রণালয়ের তদন্তে আমাদের আপত্তি আছে। আমরা তদন্ত করে কী পেলাম, সেটা মন্ত্রণালয়কে জানিয়ে দেব।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘এটার প্রাথমিক তদন্ত পুলিশই করতে পারে। প্রশাসনিক মন্ত্রণালয় হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও করতে পারে। চাইলে মন্ত্রণালয় এবং অধিদপ্তর দুপক্ষ মিলেও করতে পারে। এ নিয়ে এত জটিলতার তো কিছু দেখি না।’