উড়োজাহাজ থেকে সাত কেজি সোনা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের উড়োজাহাজ থেকে গতকাল রোববার দুপুরে প্রায় সাত কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, গতকাল বেলা পৌনে দুইটার দিকে ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের (টিজি ৩২১) একটি উড়োজাহাজ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গোপন খবরের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল বেলা পৌনে তিনটার দিকে ওই উড়োজাহাজে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজের ইকোনমি ক্লাসের ৫২-কে নম্বর আসনের কভারের ভেতরে সোনার বারগুলো পাওয়া যায়। তখন ওই আসনে কোনো যাত্রী ছিলেন না।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, উদ্ধার করা সোনার দাম প্রায় সাড়ে তিন কোটি টাকা। এসব সোনা কীভাবে আনা হয়েছে, তা এয়ারলাইনস কর্তৃপক্ষের সহায়তায় জানার চেষ্টা চলছে।