উড়োজাহাজ থেকে ১২৪ কেজি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ থেকে ১২৪ কেজি সোনার বার উদ্ধার করেছে শুল্ক ও এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন)।শুল্ক ও এপিবিএন সূত্র জানায়, গতকাল বেলা একটা ৩৪ মিনিটে কাঠমান্ডু থেকে আসা বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজ ঢাকায় অবতরণ করে। গোপন খবরের ভিত্তিতে শুল্ক কর্মকর্তাদের সহায়তায় এপিবিএনের সদস্যরা ওই উড়োজাহাজে তল্লাশি চালান। তাঁরা উড়োজাহাজের মালামাল রাখার স্থানে (প্যাকেজিং প্যানেল) লুকিয়ে রাখা ১৫টি কালো কাপড়ের ব্যাগ পান। সেই ব্যাগগুলোতে সোনার বার ছিল। এক হাজার ৬৫টি সোনার বার থাকা ব্যাগগুলো পরে কাস্টমস হাউসে আনা হয়। প্রতিটি বারের ওজন ১০ তোলার মতো।এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী সুপার জাহেদ পারভেজ চৌধুরী প্রথম আলোকে বলেন, যাত্রীরা নেমে যাওয়ার পর পরিচ্ছন্নতাকর্মীরা ওই উড়োজাহাজে ঢোকেন। উদ্ধার হওয়া সোনার বারগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। এর সঙ্গে বিমান বাংলাদেশের কর্মীদের সংশ্লিষ্টতা থাকতে পারে। মনে হচ্ছে, বিমানের সঙ্গে সংশ্লিষ্ট কেউ বা কয়েকজন বারগুলো এনে রেখেছিলেন। অভিযানের বিষয়টি টের পেয়ে তাঁরা সটকে পড়েছেন।এপিবিএনের ওই কর্মকর্তা বলেন, কেবিন ক্রু ও উড়োজাহাজের প্রকৌশলী ছাড়া ওই স্থানে কারও প্রবেশাধিকার নেই। এর আগে কয়েকটি স্বর্ণ উদ্ধারের ঘটনায় শুল্ক বিভাগ মামলা করেনি। ফলে ওসব ঘটনার রহস্য উদ্ঘাটিত হয়নি বা এগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিরাও ধরা পড়েনি।ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার লুৎফর রহমান বলেন, সোনার বারগুলো বুকিং করা ছিল না। তাঁর ধারণা, উড়োজাহাজটি এর আগে মধ্যপ্রাচ্যে গিয়েছিল। সেখানকার কোনো দেশ থেকে বারগুলো উড়োজাহাজে তোলা হয়েছিল।