উড়োজাহাজের টয়লেটে ৩৩ কেজি সোনার বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের টয়লেট থেকে গতকাল উদ্ধার করা সোনা ষ ছবি: প্রথম আলো
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের টয়লেট থেকে গতকাল উদ্ধার করা সোনা ষ ছবি: প্রথম আলো

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের টয়লেট থেকে প্রায় ৩৩ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বারগুলো উদ্ধার করা হয়।
বিমানবন্দর কাস্টমসের কমিশনার জাকিয়া সুলতানা প্রথম আলোকে বলেন, কেবিন ক্রুদের মাধ্যমে খবর পেয়ে গতকাল বেলা ১১টার দিকে ফ্লাই দুবাই নামের উড়োজাহাজটির টয়লেট থেকে বারগুলো উদ্ধার করা হয়। টয়লেটের ভেতরে টিস্যু ফেলার বাক্সে এগুলো রাখা ছিল। তিনি বলেন, উদ্ধার হওয়া ২৮০টি বারের ওজন ৩২ কেজি ৯৬৪ গ্রাম।
বিমানবন্দর সূত্র জানায়, গতকাল ভোরে ফ্লাই দুবাই যাত্রী নিয়ে বিমানবন্দরে পৌঁছে। পরে পরিচ্ছন্নতাকর্মীদের একজন টয়লেটের টিস্যু বক্সটি ওঠাতে গিয়ে তাঁর কাছে খুব ভারী মনে হয়। পরে তিনি বিষয়টি কেবিন ক্রুদের জানান।
কমিশনার জাকিয়া বলেন, সাধারণত কোনো যাত্রীর কাছ থেকে কিছু উদ্ধার করা হলে ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় আইনগত প্রক্রিয়ায় মামলা হয়। যদি কোনো যাত্রী শনাক্ত করা না হয়, তাহলে কাস্টমসে বিভাগীয় মামলা হয়। সেই হিসেবে উদ্ধার হওয়া বারগুলোর ক্ষেত্রে বিভাগীয় মামলা হবে।