উয়ারী-বটেশ্বরে আবিষ্কৃত হলো বৌদ্ধ পদ্মমন্দির
নরসিংদীর উয়ারী-বটেশ্বরে আবিষ্কৃত হয়েছে বৌদ্ধ পদ্মমন্দির। উত্খননকাজের দলনেতা সুফি মোস্তাফিজুর রহমান গতকাল শনিবার এ তথ্য জানান। এ সময় উত্খননকাজের উপনেতা মিজানুর রহমান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।উত্খননকাজের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আবিষ্কৃত বৌদ্ধমন্দিরটি উত্খননে নতুন মাত্রা যোগ করবে। ১০.৬ মিটারদ্ধ১০.৬ মিটার বর্গাকার বৌদ্ধমন্দিরটির দেয়াল ৮০ সেন্টিমিটার প্রশস্ত এবং ভিত্তিমূল এক মিটার। কাদামাটির গাঁথুনির দেয়ালের ভিত্তি তিন ধাপে প্রক্ষিপ্ত।মূল দেয়ালের উত্তর, দক্ষিণ ও পশ্চিমে ৭০ সেন্টিমিটার দূরত্বে সমান্তরালভাবে ৭০ সেন্টিমিটার প্রশস্ত দেয়াল রয়েছে। মূল দেয়ালের চারদিকে ইট বিছানো ৭০ সেন্টিমিটার প্রশস্ত প্রদক্ষিণ পথ রয়েছে। প্রদক্ষিণ পথের বাইরের দিকে মূল দেয়ালের সমান্তরাল ৬০ সেন্টিমিটার প্রশস্ত দেয়াল রয়েছে। তবে পূর্ব দিকে মূল দেয়াল ও বহির্দেয়ালের দূরত্ব ৩ দশমিক ৫ মিটার। পূর্বদিকে প্রদক্ষিণ পথ ও বারান্দা রয়েছে। এ পর্যন্ত বৌদ্ধমন্দিরটিতে দুটি নির্মাণ যুগ শনাক্ত করা হয়েছে। আদি নির্মাণ যুগের ইট বিছানো মেঝের অংশবিশেষ উন্মোচিত হলেও অন্যান্য বৈশিষ্ট্য শনাক্ত করতে আরও সময় লাগবে। তবে পরবর্তী নির্মাণ যুগে পূর্ব-দক্ষিণ কোণে ইট বিছানো একটি বেদি পাওয়া গেছে। আটটি পাপড়িযুক্ত একটি পদ্ম অনেকটা অক্ষত রয়েছে। এই পদ্মের উপস্থিতিই মন্দিরটিকে পদ্মমন্দির বা লোটাস টেম্পলের মর্যাদা দেয়। বৌদ্ধধর্মে পদ্ম খুবই তাত্পর্যপূর্ণ। বৌদ্ধধর্মের আটটি শুভ লক্ষণ প্রতীকের মধ্যে পদ্ম একটি।সুফি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের হাতে এ মুহূর্তে আরও বেশ কিছু চলমান গবেষণা রয়েছে, যা শেষ হলে উয়ারী-বটেশ্বর অঞ্চলে বৌদ্ধধর্মচর্চার বিকশিত রূপ ফুটে উঠবে।উল্লেখ্য, সম্প্রতি উয়ারী-বটেশ্বর খনন এলাকার শিবপুর উপজেলার মন্দির ভিটা থেকে বৌদ্ধমন্দিরটি চিহ্নিত করা হয়।