উয়ারী-বটেশ্বরে দশম ধাপের খনন শেষ
আড়াই হাজার বছরের দুর্গনগর হিসেবে ধারণা করা নরসিংদীর উয়ারী-বটেশ্বরের দশম ধাপের খননকাজ শেষ হয়েছে। গতকাল শনিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দুর্গ এলাকা পরিদর্শন শেষে খননকাজের সমাপ্ত ঘোষণা করেন।উয়ারী-বটেশ্বরের অস্থায়ী জাদুঘর এলাকায় খননকাজের সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, খনন, সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে উয়ারী-বটেশ্বরের প্রত্ননিদর্শন বের করে আনতে হবে। ধারণা প্রমাণিত হলে, বিশ্বের কাছে আমরা প্রাচীন সভ্য জাতি হিসেবে পরিচিত হব। যা আমাদের জন্য হতে পারে গর্ব ও অহংকারের। বিষয়টি উপলব্ধি করে সরকার খননকাজে সহযোগিতা দিয়ে আসছে। দেশবাসীর সামনে উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব তুলে আনার বিষয়ে তিনি স্থানীয় পাঠান পরিবার বিশেষ করে হাবিবুল্লাহ পাঠান ও তাঁর পিতা হানিফ পাঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খননকাজের পরিচালক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমান বলেন, উয়ারী-বটেশ্বর দেশের অন্যতম প্রত্ননিদর্শনের অপার সম্ভাবনাময় স্থান। প্রয়োজন শুধু খনন করে তা বের করে আনা। একই সঙ্গে গবেষণা ও সংরক্ষণ জরুরি হয়ে পড়েছে। কাজ এগিয়ে নিতে প্রচুর অর্থের প্রয়োজন। এ অর্থ প্রাপ্তি নিশ্চিত হলে কাজে গতি আসবে।প্রত্নতত্ত্ব সংগ্রাহক হাবিবুল্লাহ পাঠান বলেন, উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত প্রত্ননিদর্শন বিশ্বে বিস্ময় জাগাতে পারে। কিন্তু অর্থ সংকটের কারণে খননকাজ বাধাগ্রস্ত হচ্ছে।ঐতিহ্য অন্বেষণের ট্রাস্টি: নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, খননকাজের উপপ্রধান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মিজানুর রহমান প্রমুখ। ১৯৩০ সালে স্থানীয় স্কুলশিক্ষক হানিফ পাঠান এই স্থানটি সুধী সমাজের নজরে আনেন। পরবর্তী সময়ে তাঁর ছেলে হাবিবুল্লাহ পাঠান স্থানটির গুরুত্ব তুলে ধরে পত্র-পত্রিকায় লেখালেখি শুরু করেন। ২০০০ সালে বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের আর্থিক সহায়তায় খননকাজ শুরু হয়। সর্বশেষ ২০১০ সালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় নবম ধাপের খননকাজ শুরু হয়। পরে চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হয় দশম ধাপের কাজ।