উয়ারী-বটেশ্বরে নবম ধাপের উত্খনন কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই হাজার বছরের প্রাচীন নগর হিসেবে আলোচিত নরসিংদীর বেলাব উপজেলার উয়ারী-বটেশ্বরে নবম ধাপের উত্খনন কাজ গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। দুপুরে খননকাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ওয়ারী-বটেশ্বরের ঐতিহাসিক গুরুত্ব এখন দেশের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর এই কারণেই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব খুঁজে বের করতে সরকার আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে।অনুষ্ঠানে সুধী সমাজের কাছে স্থানটির গুরুত্ব তুলে ধরার জন্য স্থানীয় হানিফ পাঠান ও তাঁর ছেলে হাবিবুল্লাহ পাঠানের প্রতি সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।উল্লেখ্য, খননকাজে প্রথমবারের মতো আর্থিক সহায়তা দিচ্ছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। ৬০০ মিটার বাই ৬০০ মিটার বিস্তৃত এই দুর্গ এলাকায় এখন পর্যন্ত ইটের স্থাপত্য, প্রশস্ত রাস্তা, পার্শ্ব রাস্তা, দুর্গপ্রাচীর, পরিখা, লৌহনির্মিত হস্ত-কুঠার, বল্লম, পোড়া মাটির নিক্ষেপাস্ত্র, তাবিজ, ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা, উত্তর ভারতীয় কালো মসৃণ মাটির পাত্র, কাচের পুঁতি, বাটখারা, গর্তনিবাস, মুদ্রাভাণ্ডার ইত্যাদি আবিষ্কৃত হয়েছে।ঐতিহ্য-অন্বেষণের ট্রাস্টি নূহ-উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন স্থানীয় চার সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নজরুল ইসলাম, জহিরুল হক ও আনোয়ারুল আশরাফ, প্রত্নতত্ত্ব গবেষক হাবিবুল্লাহ পাঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. ফরহাদ হোসেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, মুক্তিযোদ্ধা কাজী রোকেয়া সুলতানা, নরসিংদীর জেলা প্রশাসক অমৃত বাড়ৈ ও বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান শমসের জামান ভুঁইয়া। খননকাজে নেতৃত্ব দেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সূফি মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, চলতি ধাপে চারটি খনন এলাকা চিহ্নিত করা হয়েছে। খননকাজ টানা চার মাস চলবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪০ জন শিক্ষার্থী পালা করে খনন কাজে অংশ নেবেন। খনন চলাকালে উন্মুক্ত জাদুঘরটি দর্শনার্থীদের জন্য খোলা রাখা হবে।