উয়ারী-বটেশ্বরে নবম ধাপের উত্খননকাজ শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন নগর হিসেবে আলোচিত নরসিংদীর বেলাব উপজেলার উয়ারী-বটেশ্বরে নবম ধাপের উত্খননকাজ শুরু হচ্ছে আজ শনিবার। এবার উত্খননকাজের জন্য তিনটি স্থানের চারটি এলাকা চিহ্নিত করা হয়েছে। এ কাজে প্রথমবারের মতো আর্থিক সহায়তা দিচ্ছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।গতকাল শুক্রবার চলতি ধাপের খনন এলাকা উয়ারী-বটেশ্বর, কামারটেক ও টঙ্গীরটেকে গিয়ে দেখা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সূফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিভাগটির শিক্ষার্থীরা খনন এলাকা প্রস্তুতের কাজ করছেন। এ কাজে বরাবরের মতো স্থানীয় লোকজন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। চলছে অস্থায়ী জাদুঘর নির্মাণের কাজও।মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, এর আগে উয়ারী-বটেশ্বরে প্রত্নবস্তু খননে প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ-নগর, বন্দর, রাস্তা, পার্শ্ব-রাস্তা, পোড়ামাটির ফলক, স্বল্প-মূল্যবান পাথর ও কাচের পুঁতি, মুদ্রা-ভান্ডারসহ উপমহাদেশের প্রাচীনতম ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা আবিষ্কৃত হয়েছে। উল্টো-পিরামিড আকৃতির স্থাপত্যটি নিয়েও বিশেষজ্ঞ স্থপতিরা ইতিমধ্যে গবেষণা শুরু করেছেন।মোস্তাফিজুর রহমান বলেন, এবারই প্রথম উয়ারী-বটেশ্বরে প্রত্নবস্তু অনুসন্ধানে সরকার আর্থিক সহযোগিতা দিচ্ছে। আজ দুপুরে উত্খননকাজের উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।প্রসঙ্গত, ১৯৩০ সালের দিকে স্থানীয় স্কুলশিক্ষক হানিফ পাঠান প্রথম উয়ারী-বটেশ্বরকে সুধী সমাজের নজরে আনেন। পরে তাঁর ছেলে হাবিবুল্লা পাঠান স্থানটির গুরুত্ব তুলে ধরে পত্রপত্রিকায় লেখালেখি শুরু করেন।