উয়ারী-বটেশ্বরে পঞ্চদশ প্রত্নতাত্ত্বিক খনন শুরু

নরসিংদীর উয়ারী-বটেশ্বর অঞ্চলের টঙ্গীরটেকে পঞ্চদশ প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শিবপুর উপজেলার টঙ্গীরটেক এলাকায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী প্রধান অতিথি হিসেবে খননকাজের উদ্বোধন করেন। প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র ঐতিহ্য অন্বেষণ খননকাজটি করছে।
ঐতিহ্য অন্বেষণ সূত্রে জানা গেছে, উয়ারী-বটেশ্বর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এর আগে প্রত্নতাত্ত্বিক খননে এখানে প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ নগর, বন্দর, রাস্তা, পার্শ্ব রাস্তা, পোড়ামাটির ফলক, স্বল্প মূল্যবান পাথর, কাচের পুঁতি, মুদ্রাসহ উপমহাদেশের প্রাচীনতম ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা আবিষ্কৃত হয়েছে। ২০০৭, ২০০৮ ও ২০০৯ সালের খননে ইটনির্মিত স্থাপত্যের সন্ধান মিলেছে। ২০০৯, ২০১০ ও ২০১১ সালে কামরাব ধুপিরটেক মন্দির ভিটা আবিষ্কৃত হয়েছে, যা একটি বৌদ্ধ পদ্মমন্দির। ২০১২ ও ২০১৩ সালে জানখারটেক এলাকায় আবিষ্কৃত হয়েছে বৌদ্ধ বিহারিকা। ২০১২, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সাল থেকে টঙ্গীরটেকে প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে একটি বৌদ্ধমন্দিরের অংশবিশেষ। এ বছর বাকি অংশের কাজ শুরু হয়েছে আজ থেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা টঙ্গীরটেকে বৌদ্ধমন্দিরের অংশবিশেষ সংরক্ষণে স্থাপনা করে দেওয়ার ঘোষণা দেন।
ঐহিত্য অন্বেষণের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার আমেনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জসীম উদ্দীন হায়দার, প্রত্ন গবেষক ও নিদর্শন সংগ্রাহক মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আফসার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ঐহিত্য অন্বেষণের নির্বাহী পরিচালক ও খনন দলের প্রধান অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী বলেন, ‘উয়ারী-বটেশ্বর আমাদের অস্তিত্বের ঐহিত্য। এর চেয়ে বড় ঐতিহ্য কিছু নেই। তাই এটিকে সংরক্ষণ করা খুব জরুরি।’ দুই সপ্তাহের মধ্যে বৌদ্ধমন্দিরটি সংরক্ষণে পূর্ণাঙ্গ একটি নকশা করার ঘোষণা দেন তিনি।