উয়ারী-বটেশ্বরে ১২তম ধাপের খননকাজ শুরু
নরসিংদীর বেলাব উপজেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন উয়ারী-বটেশ্বরে ১২তম ধাপের খননকাজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে খননকাজের উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘আজকে শাহবাগে তরুণেরা গণজাগরণের মাধ্যমে স্ফুলিঙ্গের মতো বিস্ফোরিত হচ্ছে। আমি বিশ্বাস করি, শাহবাগের যেমন জয় হবে, তেমনি উয়ারী-বটেশ্বরেরও জয় হবে।’অনুষ্ঠানে উয়ারী-বটেশ্বরের খননকাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ঐতিহ্য অন্বেষণের নির্বাহী পরিচালক সুফি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘সময়মতো অর্থ না পাওয়ায় শীত মৌসুমে উৎখননকাজ শুরু করা যায়নি। অর্থাভাবে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলো মাটির নিচে পড়ে আছে। সারা বছর দর্শকেরা এসে কিছু দেখতে পারেন না। বিষয়টি আমাদের জন্য খুবই লজ্জার। অর্থবছরের আট মাস চললেও এখনো লাল ফিতায় আটকে আছে গবেষণা মঞ্জুরির অনুদান।’জেলা প্রশাসক ওবায়দুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ নুরুল মজিদ মাহমুদ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আতাউর রহমান, পর্যটন করপোরেশনের পরিচালক কালীরঞ্জন বর্মণ, লেখক ও গবেষক মুহামঞ্চদ হাবিবুল্লা পাঠান। উদ্বোধনী অনুষ্ঠানের আগে অতিথিরা জানখাঁরটেক বৌদ্ধ বিহারিকা, টঙ্গিরটেক প্রত্নপীঠ ও বৌদ্ধ পদ্ম-মন্দির পরিদর্শন করেন।