উয়ারী-বটেশ্বরে ১২তম ধাপের খননকাজ শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাব উপজেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শনস্থল উয়ারী-বটেশ্বরের ১২তম ধাপের খননকাজ আজ শুক্রবার সকালে শুরু হচ্ছে। প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্র ঐতিহ্য অন্বেষণ এই খননকাজ করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ও ঐতিহ্য অন্বেষণের নির্বাহী পরিচালক সুফী মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, উয়ারী-বটেশ্বর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। ইতিপূর্বে এখানে খননে প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ-নগর, বন্দর, রাস্তা, পার্শ্ব-রাস্তা, পোড়ামাটির ফলক, স্বল্প-মূল্যবান পাথর, কাচের পুঁতি, মুদ্রা-ভান্ডারসহ উপমহাদেশের প্রাচীনতম ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা আবিষ্কৃত হয়েছে। এ দেশের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন।সুফি মোস্তাফিজ বলেন, ২০০৭, ২০০৮ ও ২০০৯ সালের খননে অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের মধ্যে রয়েছে ৩২ ফুট/১৮ ফুট আয়তনের ইট-নির্মিত অনুপম এক স্থাপত্য। এর প্রতিটি ইট একটু একটু করে অভিক্ষিপ্ত। এ ছাড়া, মাটির নিচে প্রায় অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে কাদামাটির মর্টারের গাঁথুনির ১২ ফুট দেয়াল। উল্টো-পিরামিড আকৃতির এই স্থাপত্য নিয়ে বিশেষজ্ঞ স্থপতিরা গবেষণা শুরু করেছেন। ২০০৯ সালে উয়ারী-বটেশ্বরের কাছে রাইঙ্গারটেক, আলগারটেক, ধূপিরটেক ও টঙ্গী রাজার বাড়িতে খননকাজ চালানো হয়। ইতিমধ্যে কামরাব ধূপিরটেক মন্দির ভিটায় ৩৫ ফুট/৩৫ ফুট আয়তনের বৌদ্ধ পদ্ম-মন্দির। আর জানখারটেকে আবিষ্কৃত হয় ২৪ মিটার/২৪ মিটার আয়তনের বৌদ্ধ বিহারিকা। ১৯৩০ সালে উয়ারী-বটেশ্বরের স্কুলশিক্ষক হানিফ পাঠান প্রথম এই প্রত্নতাত্ত্বিক স্থান সবার নজরে আনেন। পরে তাঁর ছেলে মুহামঞ্চদ হাবিবুল্লাহ পাঠান স্থানটির গুরুত্ব তুলে ধরে পত্রপত্রিকায় লেখালেখি শুরু করেন। পরবর্তী সময়ে ২০০০ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নিয়মিতভাবে এখানে খননকাজ চালানো হচ্ছে।