উয়ারী-বটেশ্বরের দুর্গে বৌদ্ধমন্দিরের সন্ধান

নরসিংদীর উয়ারী-বটেশ্বর দুর্গ এলাকা থেকে একটি বৌদ্ধমন্দির আবিষ্কার করা হয়েছে। এই এলাকায় ত্রয়োদশ প্রত্নতাত্ত্বিক খননের শেষ দিনে গতকাল শনিবার মন্দির আবিষ্কার ঘোষণা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান।
প্রত্নতাত্ত্বিকদের খননকাজের ফলাফল জানতে গতকাল দুর্গ এলাকায় যান প্রথম আলোর প্রতিনিধিরা। দেখা যায়, মন্দিরটি বর্গাকার, আকার ৫০ বর্গফুট। দেয়াল দেড় মিটার প্রশস্ত। বারান্দা, মণ্ডপ ও গর্ভগৃহের প্রায় সাড়ে আট ফুট দেয়াল এখনো টিকে আছে। গর্ভগৃহের পাশে প্রদক্ষিণ পথ এবং বাইরে মন্দিরের মূল দেয়াল। মূল দেয়ালের চারদিকে ইট বিছানো প্রদক্ষিণ পথ। এর ৪০ মিটার দূরে আছে প্রতিরক্ষা দেয়াল। দেখা গেল, মন্দিরটিকে বৃষ্টির পানি থেকে বাঁচাতে মন্দিরের একাংশ পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে।
সুফি মোস্তাফিজুর রহমান বৌদ্ধমন্দির আবিষ্কার আনুষ্ঠানিক ঘোষণা দেন। এ সময় গ্রামের লোকজন হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, চলমান খননে বৌদ্ধমন্দিরটি পুরোপুরি উন্মোচিত হয়নি। চার ভাগের এক ভাগ হয়েছে। তবে আবিষ্কৃত অংশ থেকেই এর বহিস্থ দেয়ালের অসাধারণ অলংকরণ ও কারুকাজ সম্পর্কে ধারণা পাওয়া যায়। মূল মন্দিরের আকার ৫০ ফুট বাই ৫০ ফুট। ইতিমধ্যে মন্দিরের গর্ভগৃহ শনাক্ত হয়েছে। এটি ইট নির্মিত দেয়াল দ্বারা ঘেরা। ধারণা করা হচ্ছে, বৌদ্ধমন্দিরটি প্রায় দেড় হাজার বছরের পুরোনো।
এর আগে ২০১১ সালে শিবপুরের মন্দিরভিটায় আবিষ্কৃত হয় বৌদ্ধ পদ্মমন্দির। আবিষ্কৃত মন্দিরটির আকার ৩৫ ফুট বাই ৩৫ ফুট। ত্রয়োদশ খননে মৃৎপাত্র ও টেরাকোটাও আবিষ্কৃত হয়।
প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধানে কাজ করছে ঐতিহ্য অন্বেষণ নামের একটি সংগঠন। এর ভারপ্রাপ্ত সভাপতি নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, প্রত্নতত্ত্ব খনন ও সংরক্ষণে পৃথিবীর অন্য দেশগুলোর বিপুল অর্থ খরচ করার সুযোগ আছে। পৃথিবীর বহু দেশ এসব সংরক্ষণ করে পর্যটনশিল্পের বিকাশ ঘটিয়ে বেঁচে আছে। উয়ারী-বটেশ্বরেও সেই সম্ভাবনা রয়েছে। সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় রাজনীতিবিদ ও প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দেন।
উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক সম্ভাবনার বিষয়টি প্রথম উপলব্ধি করেন স্থানীয় স্কুলশিক্ষক হানিফ পাঠান। ১৯৩০ সাল থেকে ওই শিক্ষক নানা উদ্যোগের মাধ্যমে স্থানটির গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেন। হানিফ পাঠান মারা যাওয়ার পর হাল ধরেন তাঁর ছেলে হাবিবুল্লাহ পাঠান। তিনি স্থানটির গুরুত্ব তুলে ধরে পত্রপত্রিকায় লেখালেখি শুরু করেন। এরপর ২০০০ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে প্রতিবছর সেখানে খননকাজ চলছে। এরই মধ্যে আবিষ্কৃত হয়েছে ইটের স্থাপত্য, অসম রাজার গড়, আড়াই হাজার বছরের প্রাচীন নগরের সমসাময়িক মানব বসতির ৬০০ মিটার বিস্তৃত দুর্গ এলাকা, প্রশস্ত রাস্তা, পার্শ্বরাস্তা, দুর্গপ্রাচীর, পরিখা, লৌহ নির্মিত হস্ত-কুঠির, বল্লম, তাবিজ, ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, উত্তর ভারতীয় কালো মসৃণ মৃৎপাত্র, কাচের পুঁথি, বাটখারা, গর্তনিবাস, মুদ্রাভান্ডার, নবযুক্ত মৃৎপাত্র, ধাতব চুড়ি বা তাম্র বালাই, পোড়া মাটির চাকতি ইত্যাদি।