প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম জানান, উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সরকার চেষ্টা করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছে এ অঞ্চলের গুরুত্ব তুলে ধরতে পাঠ্যপুস্তকে উয়ারী-বটেশ্বরকে যুক্ত করার প্রয়োজন রয়েছে।গতকাল শুক্রবার আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গনগর হিসেবে আলোচিত নরসিংদীর বেলাব উপজেলার উয়ারী-বটেশ্বর দুর্গ এলাকায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও খনন শীর্ষক দিনব্যাপী সেমিনারে এইচ টি ইমাম এ কথা বলেন। সেমিনারের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। উয়ারী-বটেশ্বর আবিষ্কারের নেপথ্যের পটভূমি নিয়ে প্রবন্ধ পাঠ করেন লোকইতিহাস সংগ্রাহক হাবিবুল্লাহ পাঠান।সেমিনারে আলোচকেরা বলেন, উয়ারী-বটেশ্বরের খননে একে একে দুর্গনগর, পার্শ্বরাস্তা, ছাপাঙ্কিত মুদ্রাসহ গর্তনিবাস আবিষ্কৃত হওয়ার পর আড়াই হাজার বছর আগের সভ্যতার বিষয়টি সারা বিশ্বে আলোচনায় আসে। তবে প্রাচীন সভ্যতার স্বীকৃতি আদায় করে নিতে হলে যথাযথ প্রক্রিয়ায় খননকাজ এগিয়ে নিতে হবে। সংরক্ষণ করতে হবে উয়ারী-বটেশ্বরকে। ব্যক্তি, সমাজ বা সরকারের গাফিলতির কারণে প্রত্ন অঞ্চল যেন ক্ষতিগ্রস্ত হতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সরকারকে নিতে হবে বিশেষ উদ্যোগ।খননকাজে নেতৃত্ব দেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ও ঐতিহ্য অন্বেষণের নির্বাহী পরিচালক সুফি মোস্তাফিজুর রহমান বলেন, উয়ারী-বটেশ্বর এখন আর নিভৃত পল্লি নয়। জায়গাটি আন্তর্জাতিক দৃষ্টি কেড়েছে। এখনই প্রতিদিন দেশি-বিদেশি অসংখ্য মানুষ ভিড় করছে এখানে। কিন্তু আর্থিক সমস্যার কারণে বিভিন্ন সময়ে খননকাজে বিঘ্ন ঘটেছে। এই বড় কাজটি এগিয়ে নিতে সরকারের আরও ইতিবাচক মনোভাব কামনা করেন তিনি।সেমিনারে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন ঐতিহ্য অন্বেষণের ট্রাস্টি নূহ-উল-আলম লেলিন, বাংলাদেশ ইতিহাস সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক জাহেদা আহমেদ, সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক নুরুল হোসেন চৌধুরী, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু সাইদ মোস্তাক আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক সিকান্দার দারা শামসুদ্দিন প্রমুখ।১৯৩০ সালে উয়ারী-বটেশ্বরের স্থানীয় স্কুলশিক্ষক হানিফ পাঠান প্রথমেই স্থানটি সুধীসমাজের নজরে আনেন। পরে তাঁর ছেলে হাবিবুল্লাহ পাঠান স্থানটির গুরুত্ব তুলে ধরে পত্রপত্রিকায় লেখালেখি শুরু করেন। ২০০০ সালে বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের আর্থিক সহায়তা, ২০০২ সালে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, ২০০৪ সালে এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের পোস্ট ডক্টরাল ফেলোশিপ, ২০০৫ সালে ঐতিহ্য-অনুরাগী ক্যাপ্টেন ইমাম আনোয়ারের আর্থিক সহযোগিতায় এবং ২০০৬ সালে গ্রামীণফোনের সৌজন্যে খননকাজ হয়। বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে খননকাজ চলছে।