বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং শিয়ানয়ি বলেছেন, ‘আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গনগর হিসেবে আলোচিত নরসিংদীর উয়ারী বটেশ্বরের সঙ্গে চীনের একটি অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক থাকতে পারে। আর এই সম্পর্কের প্রমাণ পাওয়া গেলে আমরা খুশি হব।’ গতকাল শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদীর নারান্দী-চীন মৈত্রী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এ কথা বলেন। এর আগে রাষ্ট্রদূত উয়ারী বটেশ্বরের প্রত্ন-এলাকা ও জাদুঘরে বিভিন্ন প্রত্নবস্তু ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন খনন দলের প্রধান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান।নারান্দী-চীন মৈত্রী কেন্দ্রের চেয়ারম্যান ও নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় রাষ্ট্রদূত আশা প্রকাশ করে বলেন, উয়ারী বটেশ্বর প্রত্নস্থল অধিকতর খনন ও গবেষণা করলে ঐতিহাসিক সত্য বেরিয়ে আসার সমূহ সম্ভাবনা রয়েছে। ঝাং আরও বলেন, চীন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং বাংলাদেশও চীনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। ভবিষ্যতে এ বন্ধুত্ব আরও জোরদার হবে। দুই দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা প্রসারিত হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন মনোহরদী-বেলাব আসনের সাংসদ নুরুল মজিদ মাহমুদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) জয়নুল আবেদীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব আবুল কালাম আজাদ, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, রুহুল আমিন গাজী, যুগান্তর-এর নির্বাহী সম্পাদক সাইফুল আলম, রিপোর্টার্স ইউনিটির নেতা ইলিয়াস খান, এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার এবং সিনহুয়া বার্তা সংস্থার বাংলাদেশ ব্যুরোর প্রধান হাং ইয়ানান প্রমুখ। এর আগে রাষ্ট্রদূত নারান্দী-চীন মৈত্রী কেন্দ্রের শিশুদের মধ্যে তিনটি কম্পিউটার ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূতের সম্মানে গ্রামের ঐতিহ্যবাহী লাঠিখেলা প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।