জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী চপলা রানী
ঊনসত্তরপাড়ায় হত্যার সময় সাকা চৌধুরী উপস্থিত ছিলেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার রাষ্ট্রপক্ষের তিনজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাঁদের মধ্যে সাক্ষী চপলা রানী জবানবন্দিতে বলেছেন, মুক্তিযুদ্ধকালে ঊনসত্তরপাড়ায় হত্যাকাণ্ডের সময় সাকা চৌধুরী উপস্থিত ছিলেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল প্রথমে জবানবন্দি দেন রাষ্ট্রপক্ষের ৩৭তম সাক্ষী চপলা রানী (৭৮)। জবানবন্দিতে তিনি বলেন, তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজান থানার ঊনসত্তরপাড়া গ্রামে। একাত্তরে চৈত্রসংক্রান্তির আগের দিন পাকিস্তানি সেনারা তাঁদের গ্রাম ঘেরাও করে। তাঁরা তখন বাড়িতে ছিলেন। পাকিস্তানি সেনারা তাঁদের বাড়ির সবাইকে ডেকে সতীশ মহাজনের বাড়ির পুকুরপাড়ে নিয়ে যায়। সতীশের ভাইয়ের নাম ক্ষিতিশ মহাজন। এ সময় সেখানে আরও অনেককে জড়ো করা হয়। সবাই তখন কান্নাকাটি শুরু করলে তাঁর ভাশুর বেণীমাধব কান্নাকাটি করতে নিষেধ করেন। বেণীমাধব বলেন, ‘তোমরা কান্নাকাটি কোরো না। এখানে আর্মিদের সঙ্গে মকবুল চেয়ারম্যান ও সালাউদ্দিন আছে।’রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, পরে জড়ো হওয়া লোকজনের ওপর গুলি চালানো হলে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। তাঁর দুই ভাশুর বেণীমাধব ও তারাপদ এবং বাবা সতীশ পাল মারা যান। সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন মরদেহগুলো উল্টে দেখার সময় তাঁর জ্ঞান ফিরে আসে। তিনি তাঁর স্বামী ক্ষেত্র মোহন পালকে খুঁজতে থাকলে একজন মুসলমান প্রতিবেশী তাঁর স্বামীকে দেখিয়ে দেন। স্বামী তখনো অচেতন ছিলেন। প্রতিবেশীর সহায়তায় স্বামীকে বাড়িতে নিয়ে মাথায় পানি দেওয়ার পর তাঁর জ্ঞান ফেরে। পরে তিনি স্বামীকে নিয়ে এক মুসলমান প্রতিবেশীর বাসায় চার দিন থেকে বাড়ি ফিরে আসেন।চপলা রানী বলেন, ওই দিন তিনি ঘটনাস্থলে সালাউদ্দিনকে দেখেছেন। আসামির কাঠগড়ায় থাকা সাকা চৌধুরীকে শনাক্ত করে তিনি বলেন, ‘যে সালাউদ্দিনকে আমি ঘটনার সময় দেখেছিলাম তিনি আজ কাঠগড়ায় উপস্থিত আছেন। তখন তিনি অল্পবয়সী ছিলেন।’জবানবন্দি শেষে চপলা রানীকে জেরা করেন সাকা চৌধুরীর আইনজীবী আহসানুল হক। সাকা চৌধুরীও তাঁকে তিনটি প্রশ্ন করেন। সাকা চৌধুরী জানতে চান, সাক্ষী কি কখনো হাঁড়ি-পাতিল বিক্রি করতে সালাউদ্দিন সাহেবের বাড়ি গিয়েছিলেন? জবাবে চপলা রানী বলেন, না। এরপর তিনি জানতে চান, সালাউদ্দিন সাহেব কোনো দিন হাঁড়ি-পাতিল কিনতে সাক্ষীর বাড়ি গিয়েছিলেন? জবাবে সাক্ষী বলেন, তিনি দেখেননি। তৃতীয় প্রশ্নে সাকা চৌধুরী বলেন, ‘আপনার বয়স যখন ২৫ থেকে ৩৯ বছরের মধ্যে ছিল তখন চট্টগ্রামের কোথাও সালাউদ্দিন সাহেবের স্থায়ী ঠিকানা ছিল?’ জবাবে সাক্ষী বলেন, তাঁর জানা নেই।এরপর জবানবন্দি দেন রাষ্ট্রপক্ষের ৩৮তম ও জব্দ তালিকার দ্বিতীয় সাক্ষী মো. এরশাদুল হক (৫০)। তিনি পুলিশের সহকারী উপপরিদর্শক ও চট্টগ্রাম জেলা আদালতের সাধারণ শাখায় কর্মরত। তিনি কয়েকটি মামলার নথি প্রদর্শনী হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেন। পরে তাঁকে জেরা করেন আহসানুল হক।এরপর রাষ্ট্রপক্ষের ৩৯তম ও জব্দ তালিকার তৃতীয় সাক্ষী মোল্লা আবদুল হাই জবানবন্দিতে বলেন, এই মামলার তদন্তকালে তিনি আদালতে পুলিশের পরিদর্শক ছিলেন। জব্দ তালিকার নথিগুলো তাঁর জিম্মায় ছিল।এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২১ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।